শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ব্রাজিলের নির্বাচনকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

ব্রাজিলের নির্বাচনকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সপ্তাহের শুরুতে ব্রাজিলে অনুষ্ঠিত নির্বাচন দেশটির জনগণের জন্য ‘লজ্জাজনক’ ও ‘বিব্রতকর’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ ক্যারোলাইনায় মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে যোগ দিতে জয়েন্ট বেস অ্যান্ড্রুজ ছাড়ার সময় সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন, তার বিবেচনায় নির্বাচনে বৈধ বিজয়ী কে। জবাবে ট্রাম্প বললেন, ‘এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

তবে তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে, এই নির্বাচন ব্রাজিলের জনগণের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল।’ তিনি আরও দাবি করেন, কোনো পক্ষ না নিয়ে তিনি নির্বাচনটি পর্যবেক্ষণ করেছেন।

নির্বাচনে ‘অসংগতি’ ছিল বলে দাবি করেন ট্রাম্প। ব্রাজিলের জন্য তিনি যেটিকে ‘লজ্জাজনক পরিস্থিতি’ বলে বর্ণনা করেন, তার প্রমাণ হিসেবে শেয়ারবাজারের পরিস্থিতির কথা উল্লেখ করেন।

রোববারের দ্বিতীয় দফার নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর রক্ষণশীল প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার পরাজয়ের পর ট্রাম্পের এ মন্তব্য এল।

কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসা বলসোনারো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন। অর্থ পাচার ও আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তের মধ্যে সুপ্রিম কোর্ট তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ সত্ত্বেও তিনি ব্রাজিল ছেড়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, বলসোনারো ও তার নিকট পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশের ভিসা দেওয়া হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz