এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট
ঠিকানা অনলাইন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪১
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট। নেতানিয়াহুর এক ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর ১৫ নভেম্বর (রবিবার) তিনি এ মন্তব্য করেন।
আইজেনকটের অভিযোগ, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি দল রা'আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এ সময় তিনি পুলিশের কাছে একটি গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন বলে জানা গেছে।
ওই তথ্যের ভিত্তিতে রা'আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে পরে পুলিশ তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
আইজেনকটের দল এক বিবৃতিতে জানায়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। তবে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
এদিকে বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু আরব দলগুলোকে বিতর্কিত করার পাশাপাশি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। দেশটির দুটি প্রধান আরব দল আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে আইজেনকট তার প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেন।