আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
সুব্রত চৌধুরী
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৯
•
অনলাইন সংস্করণ
নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (বিএএসি)-এর উদ্যোগে একটি দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) সিটির ৫০২ নর্থ অ্যানাপোলিস অ্যাভিনিউ-এ অবস্থিত মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কমিউনিটির যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিএএসি।
টুর্নামেন্টে নিউইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ১২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে।
সকালে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া বিএএসির নেতৃবৃন্দের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন। পরে তিনি অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ফাইনালে কর্নারড টাইগার্স ক্রিকেট দল পাকিস্তান কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে ইমতিয়াজ সেরা ব্যাটসম্যান, সালমান সেরা বোলার এবং ফারহান সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন।
খেলা শেষে বিএএসির কর্মকর্তারা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
দিনব্যাপী এ আয়োজন উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ ও ক্রিকেটপ্রেমী মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট আয়োজনে সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজিব চৌধুরী মুখ্য ভূমিকা পালন করেন। তাকে সহযোগিতা করেন তপু, আহমেদ, মনসুরসহ অন্যান্য স্বেচ্ছাসেবক।
বিএএসির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।