প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
•
অনলাইন সংস্করণ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নিউইয়র্কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর অস্থায়ী আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন স্থানে জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও তারেক রহমানের প্রতিকৃতি হাতে তাকে স্বাগত জানান নেতা-কর্মীরা। ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরের টার্মিনাল-১-এর ভিআইপি লাউঞ্জে তাদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই জেএফকের বাইরে জড়ো হন যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তবে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিমানবন্দরে পূর্বনির্ধারিত অভ্যর্থনা কর্মসূচির অনুমোদিত সময় শেষ হয়ে যায়। এরপরও টার্মিনাল-৮-এর বাইরে সড়কের পাশে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়-‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্বাগত স্লোগান।
বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম রেজা, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদা) মাকসুদ এইচ চৌধুরী, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে সেখানেই অবস্থান করছেন তিনি। হোটেলের প্রবেশপথেও আগে থেকেই অবস্থান নেন বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থক। জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে তারা স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মোটরকেড হোটেলে পৌঁছালে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
তারেক রহমানের নিউইয়র্ক সফরকে সামনে রেখে এর আগেই যুক্তরাষ্ট্র বিএনপি ব্যাপক প্রস্তুতি নেয়। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় তাকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। বিশেষ করে জ্যাকসন হাইটসসহ বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তার সফরকে ঘিরে প্রচারণা চোখে পড়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। ওই সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ‘শান্তি ও স্বাগত সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, নিউইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্য থেকে নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ওই কর্মসূচিতে অংশ নেবেন।
এর আগে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রস্তুতি সভায় বিএনপি নেতারা নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়া এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণের সময় দেশের শান্তি, গণতন্ত্র ও অগ্রযাত্রার পক্ষে প্রবাসীদের অবস্থান তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলায় দেওয়া ওই ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক দ্বিপক্ষীয় বৈঠক, উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।