বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন

হত্যা মামলায় নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন

বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল এ আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে এবং পলাতক অপরাপর আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছে। যা মামলার তদন্তের স্বার্থে যাচাই বাছাই করা হচ্ছে। 

প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি নুরুল ইসলাম নাহিদ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকে প্রতিহত করার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অপরাধ সংঘটনের জন্য তার নিজস্ব কর্মীবাহিনী নিয়োজিত করে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্রজনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতনামা ২০০-৩০০ জন আসামি যোগসাজসে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ ধাওয়া করে এলোপাথাড়িভাবে মারপিটসহ উপর্যুপরি গুলি বর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz