বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‌্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

এ সময় তিনি বলেন, সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ নানা অরাজকতা সৃষ্টির সুযোগ পেয়েছে। জনগণের স্বার্থেই জামায়াতের এ কর্মসূচি। জাতীয় সংকট মোকাবেলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াত দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।

জামায়াতের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর শনিবার দুপুর ১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর ঢাকার বাইরে দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন হবে।

২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিবস উপলক্ষ্যে ঢাকায় আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে দলটি।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন করবে জামায়াত।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকায় আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীসহ সারাদেশে বিজয় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে জামায়াত।

১৯ ডিসেম্বর শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে এবং ২১ ডিসেম্বর প্রকৌশলী সমাজের উদ্যোগে আলোচনা সভা হবে।

২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা এবং ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও যুদ্ধাহত বীর এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz