শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ • ২৯৩টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি • যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই • এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন • সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​আ.লীগের নতুন ছক

ঝটিকা মিছিল থেকে জ্বালাও-পোড়াও

ঝটিকা মিছিল থেকে জ্বালাও-পোড়াও

বিজ্ঞাপন
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তৎপরতাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এত দিন ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের তৎপরতা। এবার সেই কৌশল বদলে নতুন ছকে জ্বালাও-পোড়াও ও নাশকতার পথে হাঁটার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ধারাবাহিক ঘটনায় এমন আশঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, দ্রুত হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার কৌশলে এসব তৎপরতা চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, প্রবেশপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার গুলশান, যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, রামপুরা, হাইকোর্ট ও পল্লবীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বরও রাজধানীর বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটে। এর আগে ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। যাত্রাবাড়ীর ঘটনায় দলটির একটি ইউনিটের দপ্তর সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, নাশকতাকারীরা রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তে ‘হিট অ্যান্ড রান’ কৌশল ব্যবহার করছে। দ্রুত ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ থাকায় ডেমরা, যাত্রাবাড়ী, সবুজবাগ, খিলগাঁও, গাবতলী, মোহাম্মদপুর, বসিলা ও মিরপুরের শেষ অংশে নজরদারি বাড়ানো হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। নাশকতার আশঙ্কায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই ও রেলপথের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। নাশকতায় একটি রাজনৈতিক গোষ্ঠীর অর্থ জোগান ও ইন্ধনের তথ্য পাওয়ার কথাও তিনি জানিয়েছেন। দেশের বাইরে অবস্থানরত কেউ অর্থ ও নির্দেশনা দিচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। সরকার বলছে, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে হরতাল, লকডাউনসহ নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হচ্ছে। দলটির নেতারা ডিসেম্বরকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন এবং সামনে কর্মসূচির পরিধি বাড়ানোর কথা বলছেন। তবে ঘোষিত ‘অসহিংস কর্মসূচি’ মাঠপর্যায়ের নেতাকর্মীরা কতটা মেনে চলবেন, তা নিয়ে দলটির ভেতরেই সংশয় রয়েছে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করছেন, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার লক্ষ্যে তুলনামূলক কম বিতর্কিত নেতাদের নিয়ে অস্থায়ী কেন্দ্রীয় কমিটি এবং জেলা-উপজেলা পর্যায়ে নতুন সাংগঠনিক কাঠামো গঠনের পরিকল্পনা চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তার পাসপোর্ট বাতিল হওয়ায় দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিতে হবে। এ অবস্থায় ডিসেম্বরের ঘোষিত কর্মসূচি ও সাম্প্রতিক নাশকতার ঘটনায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz