শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তানজিন তিশা ও সামিয়ার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তানজিন তিশা ও সামিয়ার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

সংগঠন সূত্রে জানা যায়, অভিনয়শিল্পীদের মধ্যকার বিরোধ ও দ্বন্দ্ব নিরসনে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের মুখোমুখি করা হয়। সেখানে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া এবং একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে তারা কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করেননি।

সালিশ কমিটির পক্ষ থেকে তাদের পরপর দুটি চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি, এমনকি চিঠিগুলো ফেরত আসে। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর সালিশ কমিটি তাদের সদস্যপদ স্থগিতের সুপারিশ করে কার্যনির্বাহী কমিটির কাছে। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সেই সুপারিশ গৃহীত হয়।

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, গত ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর বিপরীতে কোনো জবাব না পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে সদস্যপদ স্থগিতকরণের আনুষ্ঠানিক নোটিশও জারি করে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কর্মস্থল ও কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ বদ্ধপরিকর। একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz