মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, চালকের মৃত্যু

বিজ্ঞাপন
ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক ধোয়ায়-শ্বাসকষ্টে মারা গেছেন।

সোমবার রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন।

নিহত কালাচান শেখ (৫৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি ৩০ বছর ধরে বাস চালক হিসাবে কর্মরত।

বাস শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, পুড়ে যাওয়া কিশোর-তন্ময় পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করে। দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিল কালাচান শেখ৷ তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন, তবে রাত হয়ে গেলে প্রায়ই বাসটিতেই ঘুমাতেন।

বাসটির মালিকের নাম তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা মৃত কার্তিক দাসের ছেলে। 

ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন, বাস স্ট্যান্ডের পাশেই বাসটি রেখে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে যখন গাড়িটিতে আগুন দেওয়া হয় তখন আগুনে তার একটি হাত পুড়ে যায় এবং তিনি দৌড়ে বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। গিয়ে বাসটি দাউ দাউ করে পুড়তে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, সেসময় বাসের চালক অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপারের সদর সার্কেল আজমীর হোসেন বলেন, “একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী এসে তাদের একজন পেট্রোল ঢেলে বাসে অগ্নিসংযোগ করে।”

তিনি বলেন, চালক কালাচাঁন অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি। তিনি বাস থেকে দ্রুত বের হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার দ্রুত ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz