রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সংসদ সদস্য দিপুকে রূপগঞ্জবাসীর সংবর্ধনা

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫
সংসদ সদস্য দিপুকে রূপগঞ্জবাসীর সংবর্ধনা
বিজ্ঞাপন
নিউইয়র্কে বসবাসরত রূপগঞ্জবাসীর উদ্যোগে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় ওজন পার্কের বৈঠকখানা পার্টি হলে আব্দুল মতিন  চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র ও প্রবাসী রূপগঞ্জবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি বাচ্চু মিয়া। সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। এতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী রূপগঞ্জবাসী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জকে বাংলাদেশের একটি আধুনিক, উন্নত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এলাকার মানুষের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, রূপগঞ্জে মাদককে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের মাধ্যমে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমানোর বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশকে আগামী দিনে একটি শক্তিশালী, সমৃদ্ধশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নেতৃত্বকে আরো শক্তিশালী করতে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর মতো তরুণ ও উদ্যমী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশের স্বার্থে তাঁদের আরো বেশি আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীর পক্ষ থেকে এলাকার উন্নয়ন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রূপগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংসদ সদস্য দিপুর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিটি পাঠ করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির নেতা এজে জাহাঙ্গীর হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মাহবুবুল হক চেয়ারম্যান, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জহির, লং আইল্যান্ড বিএনপির নেতা সিরাজ, বোরহান চৌধুরী, মুনসুর আলী, মোস্তাক আহমেদ ও নাজমুল করিম প্রমুখ।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz