মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী • দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী • এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ • টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে? • মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা • এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? • ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

চাকরি হারাতে যাচ্ছেন মাইক্রোসফটের ৬০ হাজার কর্মী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের অর্থ জোগাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে মাইক্রোসফট। এই সংখ্যা প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী মোট কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি। ২৬ অক্টোবর (সোমবার) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, মাইক্রোসফটের এ উদ্যোগের আওতায় এআই, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের যোগ্য কর্মীরা থাকবেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সুযোগ পাবেন না।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক স্মারকে বলেন, যেসব কর্মী কোম্পানির বাইরে ভবিষ্যৎ গড়ার কথা ভাবছেন, এ প্রস্তাব তাদের সহায়তার মাধ্যমে সেই পরিবর্তনের সুযোগ দেবে। পাশাপাশি পরিবর্তিত চাহিদার সঙ্গে কর্মীবাহিনীকে খাপ খাইয়ে নিতেও এটি সহায়ক হবে।

কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অংশগ্রহণকারী বিভাগগুলোর ৭০তম গ্রেড বা তার নিচের পর্যায়ের যোগ্য কর্মীরা এ কর্মসূচির আওতায় আসবেন। এটি নির্দিষ্ট সময়ের জন্য চালু করা একটি স্বেচ্ছামূলক কর্মসূচি। যোগ্য কর্মীদের এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে কোম্পানিটি।

বর্তমানে এআই প্রযুক্তির অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ব্যয় করছে মাইক্রোসফটসহ বিশ্বের বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ডেটা সেন্টার ও চিপের পেছনে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

মাইক্রোসফট ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক নথি অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত বিশ্বজুড়ে তাদের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার।

এর আগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ছাড়া জুলাইয়ে এক্সবক্স গেমিং ব্যবসার পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পাঁচটি পর্যন্ত গেম স্টুডিও থেকে বিনিয়োগ প্রত্যাহারের পরিকল্পনার কথাও জানানো হয়েছিল।

বুধবার বাজার বন্ধ হওয়ার পর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে মাইক্রোসফটের।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz