সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বৃত্তান্ত পত্র

বেনজির শিকদার | প্রকাশ : ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৩০
বৃত্তান্ত পত্র
বিজ্ঞাপন
ভেবেছিলাম-
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
তোমাদের ফুলদানিতে
আজন্ম ফুটে থাকব হলুদ জারবেরার মতো।
কাক-জোছনায় ভেসে গেলে আদ্যোপান্ত
কাকতাড়ুয়ার মতো ঠায় দাঁড়িয়ে গুনব, দামোদরের ঢেউ!

যদি নিশ্চিত হয় অনিশ্চিত অন্তঃসত্ত্বা
আর মুখ ফিরিয়ে নেয় কোকিলের কুহু কল্লোল;
মুছে নিয়ে দহনের দীর্ঘ দায়
কাঁসার ঘণ্টার মতো ঝনঝন-
যুগল ঠোঁটের হাসিতে রাঙাব আঁধারের মাস্তুল।

যদি লেখা হয় অপূর্ণ সুন্দর,
অপূর্ণ স্বর্গ,
আর অপূর্ণ জীবন;
হাতে ধরে মৃত্যুর সূত্র, একসীমানা দীর্ঘশ্বাস,
সুনিপুণ রাহুগ্রাসের-এগোব সবটুকু পথ;
লক্ষ্যহীনতার নিঃসীম নৈরাজ্যেও-
যেভাবে সুশ্রী ফেরে, এক নারী থেকে অন্য নারীতে।

ভেবেছিলাম-
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
নাভিগন্ধের পাগল পাগল সুখে
সোনালি শৌর্যের মোমের মতো
অনুর্বর এ আঁখিতে খেলবে নব আষাঢ়ের পরিপূর্ণ মেঘ।
গুটিয়ে আস্তিনের শরীর
কুমারী মমতায় ধুয়ে, কর্দমাক্ত শিশুর স্বর্গীয় শরীর;
সমস্ত সবুজে জড়াব যুগপুরুষদের উর্বর আবির্ভাব।

স্বপ্নে পেরোব এলব নদীর ধার!
আদর-আরাধ্যে শুষে মাঝবয়সী সুখ;
ভাদ্রের শরীরে ফুটে থাকা
সনাতনী শশাঙ্কের মাধুর্যে ছোঁব-
চরাচরের তুমুল তাম্বুল রাগ।
একটুকরো ছায়া আর একমুঠো রোদ পেলে
মহাকালের অভ্যেসে হব জননীর যোনীছিন্ন দাগ।

বলপয়েন্টের নিব ঘষে
বৃত্তান্ত পত্রে কত কিছুই তো লিখলাম;
আদতে-
আলেয়ায় আলোর তিয়াস কখনো মেটে না।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz