বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হার্ডলাইনে সরকার রাজপথে বিএনপি • বিভেদ থাকলেও হাসিনাকে ঠেকাতে এক কাতারে বিএনপি-জামায়াত-এনসিপি • দিল্লির চালে ঢাকায় ঝড়! • যুক্তরাজ্যের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা • কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড • ইরানের প্রাণনাশের হুমকি, বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী • পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা • সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিভেদ থাকলেও হাসিনাকে ঠেকাতে এক কাতারে বিএনপি-জামায়াত-এনসিপি

বিভেদ থাকলেও হাসিনাকে ঠেকাতে এক কাতারে বিএনপি-জামায়াত-এনসিপি

বিজ্ঞাপন
সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে মতপার্থক্য রয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে তিন দলের অবস্থান অভিন্ন। রাজনৈতিক বিভেদ থাকলেও হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে দলগুলো। প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিও দিতে পারে তারা।
তবে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা মনে করছেন, শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা মূলত রাজনৈতিক চাপ সৃষ্টি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার কৌশল। এখন পর্যন্ত তার প্রত্যাবর্তন ঠেকাতে আলাদা কোনো কর্মসূচির পরিকল্পনা নেই দলগুলোর। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা বা সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর অবস্থান নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে তিন দলই সাংগঠনিকভাবে সতর্ক রয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে কোনো সন্দেহভাজনের বিরুদ্ধে নিজেরা আইন হাতে না নিয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন নেতারা।
বিএনপির নেতাদের বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় তার বিচার হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্প্রতি দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে এখনই অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতি দাবি করলে দলমত-নির্বিশেষে তাকে প্রতিরোধ করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে অভিহিত করেছেন। তার মতে, আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঙা রাখা ও দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ফিরতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিবও মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। তবে ফিরে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, চোরাগোপ্তা মিছিল, ঝটিকা হামলা কিংবা নাশকতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দলটিকে অতীতের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। সংবিধান, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে তাদের অবস্থান কাছাকাছি। ডিসেম্বর ঘিরে পরিস্থিতির অবনতি হলে দলগুলো সমন্বিতভাবে কিংবা পৃথক কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় হতে পারে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz