সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের গুলি, আহত ৫ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ • টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে • ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য • সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমীন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীনকে চূড়ান্ত করা হয়েছে। তবে ঝুঁকি এড়াতে তার পাশাপাশি ডামি প্রার্থী হিসেবে আরও একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। যাচাই-বাছাইয়ে দুজনের প্রার্থিতা বৈধ হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ডামি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকটিই মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’

তবে বৈঠকের একাধিক সূত্র জানায়, মির্জা ফয়সাল আমীনকেই বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনেই এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন হবে। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।

এর আগে গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিন নেতা। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়দুল্লাহ মাসুদ। পরদিন তারা মনোনয়ন ফরম জমা দেন।

বৈঠক সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতবিনিময় করেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের ‘সুপার ফাইভ’ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠকে সমসাময়িক ছাত্র রাজনীতি ও ডাকসুকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে অংশ নেওয়া একাধিক ছাত্রনেতা জানিয়েছেন। তবে ডাকসুর নতুন নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তারা জানান।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz