প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৫
•
অনলাইন সংস্করণ
তোমার কবিতার দীর্ঘ বয়ানে ক্লান্ত আমি।
একেবারেই অবসন্ন।
আমার নির্ঘুম রাত কেটে যায়
তোমার রচিত কাব্যের পঙ্্ক্তিমালা আবৃত্তি করে।
একের পর এক ঘণ্টা পেরিয়ে যায় আমার
কোনোভাবেই বিছানায় নিজেকে সঁপে দিতে পারি না আমি।
আমার চেয়ার-টেবিল থেকে নিজেকে সরিয়ে
সোজা হয়ে দাঁড়াতে পারি না;
একেবারেই স্থাণু হয়ে থাকি আমি
তোমার কবিতার ভাব-কেদারায়।
এখানে পাই না আর কোনো আশ্বাস।
শুধু একই কথা তোমার, ‘আমাকে পড়ো।
গলা ছেড়ে আবৃত্তি করো।
আমার শব্দগুলো তোমার কোষে কোষে
চালান করে দাও।
তোমার করোটির সব কটি নিলয়ে
তোমার হৃৎপিণ্ডের দুই অলিন্দে
অগুনতি শব্দ আমার জমে জমে উঠুক
বাস্তবতার আখ্যান নিয়ে।’
হ্যাঁ, আমি বাধ্য হয়েই তাই করে চলছি।
কারণ তোমাকে ভালোবাসি আমি।
তোমাকে ভালোবাসি বলেই
আজ আমার এমন দশা!
আমাকে নিয়ে তোমার যতই স্বপ্ন থাকুক
থাকুক আরো অনেক কল্পনা
আমি জানি, আমি তো হয়ে আছি
শুধু তোমারই কবিতার বিষয়।
তোমার কবিতার ভাব-পুরুষ এই আমাকে নিয়ে
তো কত যে শব্দমালা
অবিন্যস্ত হয়ে আছে তোমার রচিত পৃষ্ঠার অবয়বে।
জানি না, তোমার এ যাত্রার শেষ কোথায়।
জানি না, আর কত দূর
এই আমাকে নিয়ে যাবে তুমি
সে কোন অসীম দূরত্বে।
সে যা-ই হোক, এই জানি আমি
তোমার কল্পনার বলাকা যত দিন
পাখা মেলে উড়তে থাকবে
তত দিন আমিও তো কাব্যরসে সিক্ত হয়ে
পার করে দেব আমার নির্ঘুম রাতের
কাব্যময় মুহূর্তগুলো। এই তো আমি!