মনে পড়ে জখম দিনের কথা... প্রতিদিনকার ট্রাফিক জ্যাম আকণ্ঠ গলার মালা! দুমড়ে-মুচড়ে নিঃশেষিত হয়ে যায় নাগরিক জীবন পয়ষট্টি হাজার বর্গমাইলের সড়ক-মহাসড়কে নিত্যকার দানবীয় গ্রাস! দস্যু ট্রাকের ধারালো চাকায় ঝরে পড়ে প্রাণ শোকাহত আকাশে রক্তাভ মেঘমালা সিগন্যালে দাঁড়িয়ে থাকা পোশাকধারীর হুইসেল মাড়িয়ে বখড়ার লেনদেন বেহায়ার মতো! অন্যদিকে হন্তারকের রঙ্গ-তামাশায় লাল পানির ঢেকুরে মত্ত হয়ে থাকে উদগ্র উল্লাসে! অবলুপ্তির চুমুকে চুমুকে মাংসল নৃত্যে ঝংকৃত হয়, নৈঃশব্দ্যের পাগলা ঘোড়া দরজা বন্ধ কক্ষে ভাসে তুমুল আর্তনাদ! যেখানে যুদ্ধ ও জীবনের বাঁকে বাঁকে ঋতুপর্বের ওঠানামা! বেদনার আর্তস্বরে অদৃষ্টের ধূম্র ধোঁয়ায় শঙ্কিত জনপদ নিঃশেষিত হয়ে যায় অন্ধকারের বাতাস কালিতে শূন্য থেকে মহাশূন্যতায়...