বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

এস আলমকে সুরক্ষা দেবে না বর্তমান সরকার : প্রতিমন্ত্রী সাকি

এস আলমকে সুরক্ষা দেবে না বর্তমান সরকার : প্রতিমন্ত্রী সাকি

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
এস আলম গ্রুপকে সুরক্ষা দেওয়া হবে, এমন কোনো অবস্থান নেয়নি বিএনপি সরকার। আইন মেনে সব কাজ করা হবে। ব্যাংকিং খাত সংস্কারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই আলোকে আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটাই মূলত এই সরকারের নীতি। এসব কথা বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, ‘আর্থিক ও ব্যাংকিং খাত যাতে ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য কাজ করছে বর্তমান সরকার। সেই জায়গা থেকে নিজেদের নীতি বাস্তবায়নে গভর্নর পরিবর্তনসহ আরও কিছু সিদ্ধান্ত দেখা গেছে। যাকে আস্থাশীল মনে করেছে তাকে দায়িত্বে এনেছে।‘

৩০ জুন মঙ্গলবার এই টকশোতে একক অতিথি হিসেবে ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) যা সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। জাতীয় বাজেট, আর্থিক খাত, রাজনীতি, সংস্কার, বিচার- এমন সব বিষয়ে সঞ্চালকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথি।

নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদের অনুমোদন পেয়েছে মঙ্গলবার। যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যা পূরণের সক্ষমতা নেই, এমন মন্তব্য করেছেন একাধিক অর্থনীতিবিদ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, ‘কর আদায়ে ব্যাপক পদক্ষেপ নিয়েছে এই সরকার। কর নিয়ে জালিয়াতি, ফাঁকিবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর ব্যবস্থাপনায় অটোমেশন যুক্ত হচ্ছে। এ কারণে বাজেটে থাকা কর-কেন্দ্রিক লক্ষ্যমাত্রা অবশ্যই আমরা অর্জন করতে পারব। এই সরকারের চার মাসে কর আদায় বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুলনা করলেই আমাদের এই সাফল্য স্পষ্ট হয়।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরান আক্রমণ করে তখন বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। বাংলাদেশে পেট্রোল পাম্পে লম্বা সারি দেখা যায়। যানবাহন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো গ্রাহকদের। সেই সময় জনগণের ভোগান্তি হয়েছিল, স্বীকার করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের ফলেই ধীরে ধীরে সমস্যাটির সমাধান হয়েছে। তবে জ্বালানি তেলের মজুদ নিয়ে কোনো সংকট না থাকলেও পরিস্থিতি কেন নাজুক হয়েছিল, সেটা তদন্ত করছে সরকার। এতে স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র থাকতে পারে, এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, মন্তব্য করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

তিনি বলছেন, ‘জ্বালানি খাতের আমদানি-নির্ভরতা কমাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এই সরকার নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে রামপালে প্রায় ৪৫০ মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। তবে জ্বালানি খাত ঘিরে আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতি, তেমন কিছু যাতে না হয় সেদিকেও নজরদারি করছে বর্তমান সরকার।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz