বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাজ্যের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা • কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড • ইরানের প্রাণনাশের হুমকি, বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী • পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা • সাবেক মন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ১৯ নভেম্বর • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর • ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ • আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত • শেখ হাসিনার ফেরার পরিকল্পনায় সহিংসতার শঙ্কা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইরানের প্রাণনাশের হুমকি, বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা, তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা জোরদার; মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পর রাজনৈতিক চাপে ট্রাম্প প্রশাসন, শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ এবং কংগ্রেসে তদন্তের আশঙ্কা
ইরানের প্রাণনাশের হুমকি, বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংগৃহীত ছবি

বিজ্ঞাপন
ওয়াশিংটন: ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সম্প্রতি তিনি ওয়াশিংটন ডিসির বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টাপাল্টি চাপের মধ্যে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্সও সংশ্লিষ্ট সূত্রের বরাতে বেসেন্টের সামরিক ঘাঁটিতে চলে যাওয়ার খবর প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, বেসেন্টের বিরুদ্ধে হুমকির প্রকৃত মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের ষড়যন্ত্র আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ইরানের হুমকিতে বেসেন্ট তাঁর দায়িত্ব পালনে পিছপা হবেন না। তিনি ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক অভিযান এবং দেশটির বন্দর অবরোধ কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী ধরনের হুমকি এসেছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের প্রধান মুখ বেসেন্ট
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে স্কট বেসেন্ট এখন ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সামরিক অভিযান শুরুর পর দুই দেশের সম্পর্ক আরও সংঘাতপূর্ণ হয়ে ওঠে। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ও মিত্রদেশের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়েও চরম উত্তেজনা তৈরি হয়।

এই সংঘাতের সামরিক দিকের পাশাপাশি অর্থনৈতিক ফ্রন্টেও তেহরানকে চাপে রাখার কৌশল নেয় ওয়াশিংটন। গত আগস্ট থেকে বেসেন্টের নেতৃত্বে ইরানের অর্থনীতি বিচ্ছিন্ন করার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বিধিনিষেধ ও আর্থিক চাপ প্রয়োগের কার্যক্রম শুরু হয়। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ইরানের আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেন সংকুচিত করা এবং দেশটির ওপর চাপ বাড়ানো।

এ অভিযানের অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি, নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে, দেশটির মুদ্রার মান কমছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে।

তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে একটি গুরুত্বপূর্ণ সংশয়ও রয়েছে। অর্থনৈতিক সংকট যতই বাড়ুক, ইরানের কঠোরপন্থি নেতৃত্ব ক্ষমতা ধরে রাখতে প্রায় যেকোনো মূল্য দিতে প্রস্তুত। ফলে কেবল অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তেহরানের নীতিতে পরিবর্তন আনা কিংবা দেশটির রাজনৈতিক নেতৃত্বকে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার দায়িত্বে থাকা বেসেন্ট নিজেই তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক অভিযান বেসেন্টকে কেন ঝুঁকির মধ্যে ফেলেছে, তার পেছনে রয়েছে ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের বৈরিতা। ২০২০ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দীর্ঘদিন ধরে দিয়ে আসছে ইরান।

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফারহাদ শাকেরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন প্রসিকিউটরদের দাবি ছিল, তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা কিংবা মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে বেসেন্ট ছাড়াও ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা ইরানের হুমকির মুখে রয়েছেন বলে বিভিন্ন সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে। সাবেক কয়েকজন কর্মকর্তার নিরাপত্তা সুরক্ষাও ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর প্রত্যাহার করেছিলেন বলে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা, চাপে ট্রাম্প
ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটও ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি ট্রাম্পের নেতৃত্ব ও নীতির প্রতি ভোটারদের বড় ধরনের অনাস্থার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটার টান দেখা যাচ্ছিল। ওয়াশিংটন পোস্ট-এর অক্টোবরের এক জরিপে তাঁর প্রতি সমর্থন ছিল ৩৮ শতাংশ, বিপরীতে ৬২ শতাংশ ভোটার অসন্তোষ প্রকাশ করেছিলেন। জীবনযাত্রার ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে জনমনে অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

ডেমোক্র্যাটদের এই বিজয়ের ফলে আগামীতে ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি ও জবাবদিহির চাপ বাড়বে। প্রতিনিধি পরিষদের বিভিন্ন কমিটি প্রশাসনের নীতিনির্ধারণ, সরকারি ব্যয়, যুদ্ধ পরিচালনা, বিচার বিভাগের কর্মকাণ্ড এবং ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ নিয়ে তদন্ত করার সুযোগ পাবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের তলব এবং বিভিন্ন নথি চাওয়ার ক্ষমতাও তাদের হাতে থাকবে।

এই রাজনৈতিক বিপর্যয়ের তাৎক্ষণিক প্রভাব পড়েছে রিপাবলিকান নেতৃত্বেও। প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন নির্বাচনে দলের পরাজয়ের পর আগামী কংগ্রেসে সংখ্যালঘু দলের নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় না থাকার ঘোষণা দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত রিপাবলিকান শিবিরে নেতৃত্বের নতুন প্রতিযোগিতা তৈরি করেছে। দলের নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আসছেন স্টিভ স্ক্যালিস ও জিম জর্ডানের মতো প্রভাবশালী নেতারা।

পদত্যাগের হিড়িক বিচার বিভাগে
নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগেও একের পর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটছে। ৫ নভেম্বর বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের প্রধান হারমিত ধিলন পদত্যাগ করেন। পরদিন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ এবং ফ্লোরিডার শীর্ষ ফেডারেল কৌঁসুলি জেসন রেডিং কুইনোনেসও পদ ছাড়ার ঘোষণা দেন। ৯ নভেম্বর বিচার বিভাগের দেওয়ানি বিভাগের প্রধান আইন কর্মকর্তা ব্রেট শুমেটের পদত্যাগের খবর প্রকাশিত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এই প্রস্থান প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্যোগকে নেতৃত্বশূন্য করে ফেলেছে। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে অতীতে পরিচালিত তদন্তগুলো পুনর্বিবেচনা এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে প্রশাসনের নেওয়া কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কুইনোনেসের নেতৃত্বাধীন দপ্তর সাবেক প্রেসিডেন্ট ওবামা এবং বাইডেন প্রশাসনের সময় ট্রাম্পের বিরুদ্ধে পরিচালিত তদন্তের পেছনে ষড়যন্ত্র ছিল কি না, তা অনুসন্ধান করছিল। অন্যদিকে আইজেনবার্গের নেতৃত্বাধীন বিভাগ জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করত। কর্মকর্তাদের পদত্যাগের প্রকৃত কারণ আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা হয়নি। তবে নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর এই প্রস্থানগুলো ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

অভিশংসনের আশঙ্কা কতটা?
কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকিগুলোর একটি। কারণ, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পাশাপাশি অভিশংসনের উদ্যোগ নেওয়ার সাংবিধানিক সুযোগও পাবে।

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস অবশ্য অভিশংসনের বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তাঁর বক্তব্য, প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে তথ্য-প্রমাণ ও সংবিধানের আলোকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ অভিশংসনের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি, আবার এটিকে অবধারিত রাজনৈতিক কর্মসূচি হিসেবেও ঘোষণা করা হয়নি।

১০ নভেম্বর পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারেও জেফরিস বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করাই তাঁদের অগ্রাধিকার। ইরান যুদ্ধের জন্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও তিনি সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করার পরিবর্তে দেশটির নিরাপত্তাঝুঁকি বাড়িয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যয়বহুল করেছে।

ফলে ট্রাম্প প্রশাসনের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। একদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত, অর্থনৈতিক অবরোধ ও মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা; অন্যদিকে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবিলা করা। এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী স্কট বেসেন্টের বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে চলে যাওয়ার ঘটনা শুধু একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গভীরতা এবং ওয়াশিংটনের সামগ্রিক নিরাপত্তা উদ্বেগেরও প্রতিফলন।

তবে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা রাখে কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন এখনো সতর্কতামূলক। তাঁদের মতে, বিদেশে কিংবা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে বড় আকারের হামলা পরিচালনার সক্ষমতা তেহরানের সীমিত। ফলে বেসেন্টের বিরুদ্ধে হুমকির সুনির্দিষ্ট মাত্রা এবং সামরিক ঘাঁটিতে তাঁর অবস্থান কত দিন স্থায়ী হবে, তা এখনো অনিশ্চিত। সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট, সিবিএস নিউজ ও পিবিএস

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz