বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নতুন করপোরেট সদরদপ্তরের নির্মাণকাজের উদ্বোধন

৬ বিলিয়ন ডলারের বিনিয়োগে ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার * ভবিষ্যতে ২১ হাজারের বেশি কর্মসংস্থানের আশা
​ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নতুন করপোরেট সদরদপ্তরের নির্মাণকাজের উদ্বোধন

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির অর্থনীতি, কর্মসংস্থান এবং লোয়ার ম্যানহাটনের পুনর্জাগরণে নতুন মাইলফলক হিসেবে ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৯ জুলাই (বৃহস্পতিবার) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এই প্রকল্প শুধু একটি নতুন ভবন নির্মাণ নয়, বরং এটি নিউইয়র্কের অর্থনৈতিক শক্তি, স্থিতিস্থাপকতা এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রতীক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান এক্সপ্রেসের এন্টারপ্রাইজ শেয়ার্ড সার্ভিসেস বিভাগের প্রেসিডেন্ট ডেনিস পিকেট, সিলভারস্টেইন প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা সিলভারস্টেইন, পোর্ট অথরিটি অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি-এর নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া, কমিশনার কেভিন ও’টুল, বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ট্রেডস কাউন্সিল অব গ্রেটার নিউইয়র্ক-এর সভাপতি গ্যারি লা বারবেরা, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির প্রধান জ্যানো লিবার, নিউইয়র্ক সিটির ডেপুটি মেয়র জুলি সু, সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন, কম্পট্রোলার মার্ক লেভিন, ম্যানহাটন বরো প্রেসিডেন্ট ব্র্যাড হয়েলম্যান-সিগাল, স্টেট সিনেটর ব্রায়ান কাভানাঘ এবং অ্যাসেম্বলি সদস্য গ্রেস লি।

নিউইয়র্কের নতুন অধ্যায়-মেয়র মামদানি বলেন, একটি শহরকে তার আকাশছোঁয়া ভবন, সেখানে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের সুযোগ দিয়েই মূল্যায়ন করা যায়। ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ নিউইয়র্কের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি শুধু লোয়ার ম্যানহাটনের ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করবে না, বরং পুরো শহরের অর্থনৈতিক সম্ভাবনাকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, আজ আমরা শুধু একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি না, আমরা এমন একটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলছি যেখানে নিউইয়র্ক আরও শক্তিশালী, আরও সমৃদ্ধ এবং আরও কর্মসংস্থানমুখী হবে।

৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ, হাজারো কর্মসংস্থান-মেয়র জানান, প্রায় ৬ বিলিয়ন ডলারের এই বিশাল প্রকল্পের নির্মাণপর্বেই ৩,২০০টিরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর ভবনটিতে প্রায় ২১ হাজার ২৫০টি স্থায়ী চাকরির সুযোগ তৈরি হবে। নির্মাণকাজে ইস্পাত কাঠামো, কংক্রিট, প্রকৌশল, স্থাপত্য ও বিভিন্ন কারিগরি পেশার হাজারো শ্রমিক অংশ নেবেন। ফলে নিউইয়র্কের নির্মাণ শিল্প এবং সংশ্লিষ্ট ব্যবসায়ও ব্যাপক অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি হবে।

২০ লাখ বর্গফুট আধুনিক অফিস স্পেস-নতুন ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে থাকবে প্রায় ২০ লাখ (২ মিলিয়ন) বর্গফুট অফিস স্পেস এবং ৫৫টি আধুনিক অফিস ফ্লোর। ভবনটি সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ, উন্নত অবকাঠামো এবং পরিবেশবান্ধব নকশায় নির্মিত হবে।

এই ভবনের প্রধান ভাড়াটিয়া হিসেবে আমেরিকান এক্সপ্রেস তাদের নতুন বৈশ্বিক সদরদপ্তর এখানে স্থানান্তর করবে। অর্থনীতিতে ১১.৪ বিলিয়ন ডলারের অবদান-মেয়র মামদানি জানান, আমেরিকান এক্সপ্রেস নতুন সদরদপ্তরে কার্যক্রম শুরু করলে নিউইয়র্ক সিটির অর্থনীতিতে প্রায় ১১.৪ বিলিয়ন ডলার অবদান যুক্ত হবে। এর মধ্যে প্রায় ২৫০ মিলিয়ন ডলার কর রাজস্ব হিসেবে সিটি সরকারের কোষাগারে যাবে। এই অর্থ রাস্তা সংস্কার, স্কুলের উন্নয়ন, নতুন বৃক্ষরোপণ এবং অন্যান্য জনসেবামূলক প্রকল্পে ব্যয় করা হবে।

১৭০ বছরের সম্পর্ক আরও দৃঢ়-আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে লোয়ার ম্যানহাটনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটি ১৭০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় কার্যক্রম পরিচালনা করছে এবং গত ৪০ বছর ধরে এখানেই তাদের প্রধান কার্যালয় রয়েছে।

মেয়র বলেন, এই প্রতিষ্ঠান সন্ত্রাসী হামলা, অর্থনৈতিক মন্দা, হারিকেন এবং কোভিড-১৯ মহামারির মতো নানা সংকট মোকাবিলা করেও নিউইয়র্ক ছেড়ে যায়নি। বরং হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পরিবেশবান্ধব আধুনিক ভবন-নতুন ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হবে। এতে থাকবে-শক্তি সাশ্রয়ী অত্যাধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা। কম কার্বন নিঃসরণকারী অবকাঠামো। সবুজায়নসমৃদ্ধ উন্মুক্ত টেরেস। আধুনিক ও টেকসই কর্মপরিবেশ।

মেয়র বলেন, ভবনটি শুধু একটি অফিস টাওয়ার হবে না; এটি হবে এমন একটি কর্মপরিবেশ যেখানে মানুষ গর্বের সঙ্গে কাজ করবে, আশপাশের পার্কে সময় কাটাবে এবং উন্নত গণপরিবহন ব্যবহার করে কর্মস্থলে আসবে।

৯/১১-এর স্মৃতি থেকে পুনর্জাগরণের প্রতীক-বক্তৃতার শেষাংশে মেয়র মামদানি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কথা স্মরণ করেন। তিনি বলেন, এই ভূমি শুধু একটি নির্মাণস্থল নয়, এটি হাজারো প্রাণহানির বেদনাবিধুর স্মৃতিবিজড়িত একটি পবিত্র স্থান।

তিনি বলেন, পঁচিশ বছর আগে এই সেপ্টেম্বর মাসেই ভয়াবহ সন্ত্রাসী হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়। হাজারো নিউইয়র্কবাসী প্রাণ হারান। পুরো শহর শোকাহত হয়ে পড়ে। তখন অনেকের মনে হয়েছিল, হয়তো এই স্থানের গৌরব চিরতরে হারিয়ে গেছে।

তিনি আরও বলেন, কিন্তু নিউইয়র্ক কখনও হার মানেনি। প্রথমে উদ্ধারকর্মীরা সাহসিকতার পরিচয় দিয়েছেন, তারপর শ্রমিকরা ধ্বংসস্তূপ সরিয়ে নতুন ভিত্তি গড়েছেন। পরে কর্মজীবীরা আবার অফিসে ফিরেছেন। আর আজ ১,২২৬ ফুট উচ্চতার নতুন ভবনের নির্মাণকাজ শুরু হওয়ার মাধ্যমে সেই পুনর্জাগরণের আরেকটি ঐতিহাসিক অধ্যায় রচিত হচ্ছে।

নিউইয়র্কের ভবিষ্যতের প্রতীক-মেয়র মামদানির ভাষায়, ২ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে এমন একটি প্রতীক, যা নিউইয়র্কের অর্থনৈতিক শক্তি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবনী ক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ শহর গড়ার অঙ্গীকারকে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz