শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মধ্যবর্তী নির্বাচনে ইহুদি সম্প্রদায়ের অর্ধেক ভোট পেয়েছেন এল-সাইয়েদ

মধ্যবর্তী নির্বাচনে ইহুদি সম্প্রদায়ের অর্ধেক ভোট পেয়েছেন এল-সাইয়েদ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ইহুদি ভোটারদের অর্ধেকের সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। নির্দলীয় একটি ইহুদি সংগঠনের অর্থায়নে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপ অনুযায়ী, এল-সাইয়েদ মিশিগানের ইহুদি ভোটারদের ৫০ শতাংশের ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ।

ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এল-সাইয়েদের সঙ্গে ইহুদি ভোটারদের সম্পর্ক নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই আলোচনায় ছিল। বিশেষ করে, ইসরায়েলের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কারণে এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

মিশিগানের একটি সিনাগগে সন্ত্রাসী হামলার পর এল-সাইয়েদের একটি মন্তব্যও সমালোচনার জন্ম দেয়। ওই হামলার পর তিনি বলেছিলেন, ‘আহত মানুষই অন্যকে আঘাত করে।’ পরে এ মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

এসব কারণে ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের বড় ব্যবধানে সমর্থন দিয়ে আসা ইহুদি ভোটাররা এবার এল-সাইয়েদকে ভোট দেবেন কি না, তা নিয়ে নির্বাচনের আগে জল্পনা তৈরি হয়েছিল।

গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স পরিচালিত জরিপে ৮৮৩ জন ইহুদি ভোটারের মতামত নেওয়া হয়। জরিপটির ত্রুটির হার ৩ দশমিক ৯ শতাংশ। ফলাফল অনুযায়ী, পুরো অঙ্গরাজ্যে ইহুদি ভোটারদের মধ্যে রজার্সের চেয়ে ৭ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন এল-সাইয়েদ।

তবে একই জরিপে দেখা গেছে, মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জোসেলিন বেনসনের তুলনায় ইহুদি ভোটারদের মধ্যে পিছিয়ে ছিলেন এল-সাইয়েদ। বেনসন পেয়েছেন এই ভোটারদের ৬৯ শতাংশের সমর্থন।

এ ছাড়া ইহুদি জনগোষ্ঠীর ঘনবসতিপূর্ণ ওকল্যান্ড কাউন্টিতে চিত্র ছিল ভিন্ন। সিনাগগে হামলার ঘটনাটি এই কাউন্টিতেই ঘটেছিল। সেখানে ইহুদি ভোটারদের মধ্যে এল-সাইয়েদের ৩৯ শতাংশের বিপরীতে রজার্স পেয়েছেন ৫২ শতাংশ ভোট।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ২৫ লাখ ২০ হাজার ৮৮৩ ভোট (৫২.৫%) পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির মাইক রজার্স পেয়েছিলেন ২১ লাখ ৮১ হাজার ১০৮ ভোট (৪৫.৫%)। সূত্র : টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz