বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শিরোপা জিততে আর্জেন্টিনার সামনে দুই অভিশাপ

শিরোপা জিততে আর্জেন্টিনার সামনে দুই অভিশাপ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাত্র এক ম্যাচ দূরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের। তবে ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখতে হলে লিওনেল স্কালোনির দলকে শুধু প্রতিপক্ষকেই নয়, ফুটবল ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসা দুটি অভিশাপও ভাঙতে হবে।

প্রথমটি ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলকে ঘিরে। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। কিন্তু ১৯৯৩ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি।

এই ধারার শুরু ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে। সেবার শীর্ষ র‌্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল জার্মানি কিন্তু শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর আর কোনো শীর্ষ র‌্যাঙ্কধারী দল বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারেনি।

আর্জেন্টিনার সামনে দ্বিতীয় চ্যালেঞ্জটি আরও ঐতিহাসিক। ১৯৬২ সালের পর আর কোনো দল টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারেনি। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের নেতৃত্বে ব্রাজিল শিরোপা ধরে রেখেছিল। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালিও টানা দুবার বিশ্বকাপ জিতেছিল।

এরপর প্রতিবারই বর্তমান চ্যাম্পিয়ন দল শিরোপা ধরে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। সময়ের সঙ্গে এটি ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নের অভিশাপ’ নামেই পরিচিতি পেয়েছে।

ফাইনালে স্পেনকে হারাতে পারলে আর্জেন্টিনা শুধু টানা দ্বিতীয় বিশ্বকাপই জিতবে না, চারটি শিরোপা নিয়ে জার্মানি ও ইতালির কাতারে উঠে আসবে। পাশাপাশি আধুনিক বিশ্বকাপ ইতিহাসে দীর্ঘদিন ধরে অটুট থাকা এই দুই অভিশাপেরও অবসান ঘটাবে স্কালোনির দল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz