বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বড় পর্দায় বিশ্বকাপ: ফাইনাল ফুটবল দেখার প্রস্তুতি

বড় পর্দায় বিশ্বকাপ: ফাইনাল ফুটবল দেখার প্রস্তুতি

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। নিউইয়র্ক থেকে মিয়ামি, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস, সবখানেই এখন ফুটবলপ্রেমীদের একটাই আলোচনার বিষয়, বিশ্বকাপ। সেই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে পৌঁছানো লিওনেল মেসির দলকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের উৎসাহ যেন অন্য মাত্রা পেয়েছে।
বাংলাদেশে যেমন আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক, তেমনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও আকাশী-সাদা জার্সির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, নিউজার্সির প্যাটারসন, এডিসন, পেসনিলভেনিয়ার ফিলাডেলফিয়া কিংবা ভার্জিনিয়ায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এখন প্রতিদিনই বিশ্বকাপ নিয়ে আলোচনা, আড্ডা আর ভবিষ্যদ্বাণী চলছে।
বিশ্বকাপ এবার যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হয়েছে। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের সঙ্গে সরাসরি স্টেডিয়ামে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার পতাকা হাতে গ্যালারিতে বসে খেলা দেখার অসংখ্য ছবি ও ভিডিও।
তবে সবার ভাগ্যে সেই সুযোগ জোটেনি। বিশেষ করে নকআউট পর্বে টিকিটের মূল্য কয়েকশ থেকে কয়েক হাজার ডলারে পৌঁছে যাওয়ায় অনেকের পক্ষেই স্টেডিয়ামে যাওয়া সম্ভব হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে কর্মব্যস্ততা। সপ্তাহের মাঝামাঝি দিনে দীর্ঘ কর্মঘণ্টা শেষ করে দূরের ভেন্যুতে গিয়ে খেলা দেখা অনেকের জন্যই বাস্তবসম্মত নয়।
তবে মাঠে যেতে না পারলেও ফুটবলপ্রেমীদের আনন্দে ভাটা পড়েনি। নিউইয়র্ক, নিউজার্সি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বড় পর্দায় খেলা দেখার জন্য নানা ধরনের ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে। অনেক বাংলাদেশি সংগঠন, রেস্টুরেন্ট, স্পোর্টস বার এবং কমিউনিটি সেন্টার ইতোমধ্যে ফাইনাল উপলক্ষে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা উপভোগ করার প্রস্তুতি চলছে সর্বত্র।
নিউইয়র্ক সিটিও বিশ্বকাপকে ঘিরে একাধিক উন্মুক্ত ওয়াচ পার্টির ব্যবস্থা করেছে। ফাইনাল ম্যাচ উপলক্ষে সেন্ট্রাল পার্কের গ্রেট লনে প্রায় ৫০ হাজার দর্শকের অংশগ্রহণে বিশ্বের অন্যতম বড় উন্মুক্ত ওয়াচ পার্টির আয়োজন করা হচ্ছে। এছাড়া কুইন্সসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায়ও সরকারি উদ্যোগে ফুটবলপ্রেমীদের জন্য বড় পর্দায় ম্যাচ দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে মিয়ামিসহ দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন স্থানেও বিনামূল্যে কমিউনিটি ওয়াচ পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করবেন।
প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বলছেন, আর্জেন্টিনার ম্যাচ মানেই যেন ঈদের আমেজ। ম্যাচের দিন আগেভাগেই আর্জেন্টিনার জার্সি পরে বন্ধুবান্ধব নিয়ে একত্র হওয়া, বারবিকিউ, চা-কফি আর ফুটবল নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা—সব মিলিয়ে এটি এখন একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এক বাংলাদেশি ফুটবলপ্রেমী জাহিদ হাসান বলেন, ‘স্টেডিয়ামের টিকেট কেনা সম্ভব হয়নি। কিন্তু আমরা ৩০-৪০ জন বন্ধু মিলে বড় পর্দায় ফাইনাল দেখার পরিকল্পনা করেছি। মেসির জন্য এবারও সবাই একসঙ্গে চিৎকার করব।’
আরেক প্রবাসী জাহাঙ্গীর হোসেন জানান, ‘বাংলাদেশে যেমন বিশ্বকাপ এলে রাত জেগে সবাই একসঙ্গে খেলা দেখতাম, এখানেও সেই পরিবেশ তৈরির চেষ্টা করছি। পার্থক্য শুধু জায়গার, আবেগের নয়।’
বিশ্বকাপের এবারের আসর শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্যও হয়ে উঠেছে স্মরণীয়। ফুটবলপ্রেমীদের আশা, আর্জেন্টিনা সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে উঠবে এবং আরেকটি বিশ্বকাপ শিরোপা জিতে মেসির রূপকথাকে আরও সমৃদ্ধ করবে। আর যদি তা হয়, তাহলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় আকাশী-সাদা পতাকার ঢেউ এবং বিজয় উদযাপনের উৎসব দেখার অপেক্ষায় রয়েছেন হাজারো সমর্থক।
উডসাইডে ওয়াচ পার্টি : ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ ওয়াচ পাটি। আগামী ১৯ জুলাই রোববার উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে বিশাল ১৮ ফুট প্রজেকশন স্ক্রিনে সরাসরি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্ক-নিউজার্সি অঞ্চলের স্টেডিয়ামে, যা বাংলাদেশিসহ বিশ্বের কোটি কোটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে অংশগ্রহণের জন্য আগাম নিবন্ধন বাধ্যতামূলক। আসনসংখ্যা সীমিত থাকায় নিবন্ধনকারীদের মধ্য থেকেই প্রবেশের সুযোগ দেওয়া হবে। অংশগ্রহণকারীর বয়স ১৬ বছর বা তার বেশি হতে হবে। হলের ভেতরে খাবার ও অ্যালকোহল আনা যাবে না। বসে ও দাঁড়িয়ে উভয়ভাবেই খেলা উপভোগের ব্যবস্থা থাকবে। প্রবেশ সম্পূর্ণ ধারণক্ষমতার ওপর নির্ভরশীল। অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই ওয়াচ পার্টির আয়োজন করছে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইন্ক এবং সহযোগিতায় রয়েছে এবিসিএইচ গ্রুপ। 
আয়োজকদের আশা, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা ভাগাভাগি করতে নিউইয়র্কের বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী এই আয়োজনে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz