রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১১ ওভার। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি হয় তৃতীয় ওয়ানডেকে ঘিরে। সেই ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান, যা দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। ৫৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে করেন ৬০ রান।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করে আউট হন। তবে তাতে বাংলাদেশের জয় থামেনি। আফিফ হোসেন ও রিশাদ হোসেন মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। আফিফ ৬ এবং রিশাদ ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স ০, মিহলাই ৪ এবং ডিয়ান ফরেস্টার ৬ রান করে সাজঘরে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াইটা কিছুটা জমিয়ে রাখেন মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। অ্যাকেরম্যান অর্ধশতক পূরণের পর ৫৪ রানে থামেন। শেষ দিকে ইমরান মানাক করেন ৪৩ রান। এ ছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ এবং ওকুহলে চেলে ৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন তিনি। আলিস আল ইসলামও ছিলেন দুর্দান্ত, মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট পান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz