সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ‘সেফ এক্সিট’ নয়, বিচার দাবি এনসিপির
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২২:৩৮
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্যসচিব আখতার হোসেন।
এ সময় আখতার হোসেন বলেন, মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে এমনভাবে অসুস্থতার ন্যারেটিভ সাজিয়েছেন, যাতে তাকে সেইফ এক্সিট দেওয়ার সুযোগ তৈরি হয়। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার।
এনসিপির সদস্যসচিব দাবি করেন, জুলাই গণহত্যার পরেও যদি মো. সাহাবুদ্দিন ছাড় পেয়ে যায়, তাহলে বর্তমান সরকারের প্রতি দেশের মানুষের আস্থা থাকবে না। তাই তাকে গ্রেফতারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করতে হবে।
সদ্য পদত্যাগকারী এই রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে আখতার হোসেন বলেন, সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, এত দিন পর্যন্ত হয়তো এই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনি পদত্যাগ করামাত্র তার ব্যাপারে আইনগত ইনডেমনিটির কোনো জায়গা নেই। তার দায়মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।