শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঈশ্বরবসতি

ঈশ্বরবসতি

বিজ্ঞাপন
বাজারের ওই শেষ মাথাতে ছোট্ট কুঁড়েঘর;
কোলঘেঁষে তার বটের ছায়া, পেছন নদীর চর।
ঘরটাতে এক বৃদ্ধ থাকেন, বয়স অনন্ত
চোখের কোণে মেঘ লুকালেও মনে বসন্ত!

হঠাৎ সেদিন ঘরখানিতে আগুন লাগল রাতে
আকাশ ভেঙে পড়ল মাথায় ক্ষণিক আঘাতে।
পুড়ে গেল ডালের বড়ি, পুড়ে গেল চাল;
ছাইয়ের ভেতর রইল পড়ে সহস্র জঞ্জাল।

ঊষার আলোয় লোকসমাগম, ছুটল কথার তরী
কেউবা বলল, ‘ভাগ্যদোষে কী সর্বনাশ, হরি!’
কেউ ক’খানা ছবি তুলে, চলে গেল দূরে;
দুঃখটুকু রইল পড়ে পোড়াভিটা জুড়ে।

ঠিক তখনই ভিন-গাঁ থেকে এল একটি মেয়ে;
কাঁধে বয়ে একঝোলা চাল, ধুলোর প্রলেপ পায়ে।
বলল, ‘দাদু, আর ভেবো না আমি আছি পাশে,
একলা মানুষ কাঁদছ তুমি বুকটা আমার ভাসে।’

একে একে বাড়ল মানুষ, কেউ এনে দেয় বাঁশ;
কেউবা দিল পুরোনো টিন, কেউ জোগাল আশ।
কেউ দিল হাত কেউ দিল ভাত, ঝরল কারও ঘাম
মিলেমিশে পোড়াঘরের ঘুচল যে বদনাম!

জানল না কেউ কার কতটা সাধ্য ছিল দানে
মাপল না কেউ ধর্ম-বিভেদ, প্রার্থনাটুক জানে!
একটি হাতের রুটিখানা করল সবাই ভাগ;
ভালোবাসার সাম্যগানে মুছে গেল দাগ।

বৃদ্ধ দাদু ঝাপসা চোখে ভাবেন সারা বেলা;
যে পৃথিবী নিঠুর ভেবে করেছিলেন হেলা
সেই পৃথিবীর মানুষগুলো দুয়ারেতে এসে—
ঘরখানা তার গড়ে দিল পরম ভালোবেসে।

ভাবেন বসে—এ ঋণ আমি কী দিয়ে শোধ দিই?
তোমরা সবাই আপন হলে, পর বলে কেউ নেই!
হাসিমুখে বলল মেয়ে, ‘ঋণ কিছু নয়, দাদু
আজকে আমি কালকে তুমি এই তো জগৎ জাদু!’

দিনের পরে দিন গড়াল সাজল বাড়ি ফের
খিড়কি ঠেলে রোদ উঁকি দেয়, দুপুরবেলা ঢের!
উঠোনজুড়ে সুখের গন্ধ মাটির ভাঁড়ে চা
ভালোবেসে মানুষ আসে গল্পে ভাসে গাঁ।

ক’দিন বাদে সন্ধ্যাবেলা আকাশ ঢাকে মেঘে
সর্পবেশে বিজলি নাচে বাতাস ঝড়ের বেগে
আগল আঁটতে গিয়ে দাদু থমকে দাঁড়ান দ্বারে,
দাওয়ার কাছে একলা পথিক কাঁপছে অন্ধকারে।

ডেকে তাকে ঘরে আনেন এগিয়ে দেন জল
নিজের গায়ের চাদরখানি জড়ান অবিচল।
পথিক শুধায়, ‘চেনেন আমায়? জানেন আমি কে?’
দাদু বলেন—একদমই না মানুষ তুমি যে!

সেই কথাটা বাতাস-বেগে ছড়াল কোন দূরে
নাম-পরিচয়? কী-বা হবে? থাকুক হৃদয়জুড়ে!
যে হাতখানি ডুবতে থাকা মানুষগুলো টানে
সেই হাতেতে এই পৃথিবী বাঁচার মানে জানে।

আজও যদি সন্ধ্যা নামে প্রদীপ জ্বলে ঘরে
আঁধারেরা হার মানে সব, আলোকের অন্তরে;
কত মানুষ আসবে যাবে মুছবে পরিচয়
সেই আলোটি পথ দেখাবে অনন্ত অক্ষয়।

মানুষ হওয়ার প্রথম পাঠ তো মন্দিরেতে নয়
মসজিদে নয় গির্জাতে নয়—মানবের হৃদয়;
যে হৃদয়ে পরের ব্যথা নিজের হয়ে বাজে,
সেই হৃদয়েই ঈশ্বরের বাস সকাল দুপুর সাঁঝে।

হয় না বদল এই পৃথিবীর—ভারী ভারী কথায়
মানুষ যদি না দাঁড়াল পাশ মানুষের ব্যথায়;
সেই আশাতে ডুবে থাকি, স্বপ্ন নিরন্তর
এক মানুষই হয়ে উঠুক অন্যজনের ঘর।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz