ঘাড় বাঁকা এক অন্য জীবন!
আমার দু’চোখ ছুটত কেবল দূর আকাশে ঘুড়ির মেলায়,
নাটাই হাতে দক্ষ চালে ‘ভোকাট্টা’ সেই সুতোর খেলায়।
ডুবসাঁতারে, খেলার ছলে পাড়ি দিতাম ‘মনু’ নদী
ভাটির টানে হারিয়ে যেত দুরন্ত মন নিরবধি!
কোন সে গাছের উঁচু ডালে ঘুঘু পাখি বাঁধল বাসা
কোন বাসাটা বাবুই পাখি চিকন ঠোঁটে গড়ল খাসা!
‘বৌ কথা কও’ পাখির ডাকে ছন্দ মধুর অর্থ খুঁজি
কত যে তার গল্প বানাই কল্পনাতে চক্ষু বুজি!
বকুল গাছে চড়ুই পাখি কিচিরমিচির ‘মিটিং’ করে
কোকিল পাখি কেমন করে কাকের বাসায় ‘চিটিং’ করে?
এমনি কত রহস্য আর রূপের খোঁজে শৈশবে মন
থাকত দু’চোখ নিসর্গতে ঊর্ধ্বমুখী সারাটা ক্ষণ!
এই বয়সে তোমরা এখন সবকিছু পাও ইচ্ছামতো
অন্তর্জালে আটকে থেকে ঘরে বসেই অবিরত।
এক নিমেষে বস্তু চেনো, জানতে পারো বিশ্বটারে
ইন্দ্রিয় ছাড়াই প্রমাণ দিয়ে পূর্ণতা দেও দৃশ্যটারে!
রাত্রি প্রহর সময় কাটাও ‘সার্চ’ বাটনে মাথা কুড়ে
‘ভার্চুয়ালি’ তৃপ্তি খুঁজো দীপ্তি দেখে পর্দাজুড়ে।
এ যেন এক ভিন্ন জগৎ স্পর্শ-ছোঁয়া শূন্য, বোধহীন
ঘাড় বাঁকা এক অন্য জীবন, অন্য রকম দৃষ্টি বিলীন!
নিউজটি শেয়ার করুন