বাবা, আমি তোমায় খুঁজি
বাবা, আমি তোমায় খুঁজি গভীর রাতের ধ্রুবতারায়
তাকিয়ে দেখো শিউলিতলে ঝরছি আমি সুবাস ছাড়াই।
তাকিয়ে দেখো ডাহুক পাখি তোমার তরে কেমন ডাকে,
তোমায় খুঁজি রাতের বেলায় উঠোনকোণে গাছের শাখে।
বাবা, আমি তোমায় খুঁজি বুক-পাঁজরের গভীরতলে
তাকিয়ে দেখো লক্ষ্মীপ্যাঁচা কেমন ভিজে চোখের জলে।
তাকিয়ে দেখো আকাশ থেকে কেমন করে তারা খসে,
তোমার খোঁজে হাসনা কাঁদে ফুলদানিতে একলা বসে।
বাবা, আমি তোমায় খুঁজি চশমা ভাঙা, পানের বাটায়
তাকিয়ে দেখো সেই স্মৃতির গল্প লিখি মলিন খাতায়।
তাকিয়ে দেখো হুইলচেয়ার একলা বসে নীরব কাঁদে,
তোমায় খুঁজি সেই চেয়ারে, ঘুরছি যখন ভাগ্য-ফাঁদে।
বাবা, আমি তোমায় খুঁজি তোমার থাকা ঘরগুলোয়
তাকিয়ে দেখো সেই বিছানা কাঁদছে পড়ে মলিন ধুলোয়।
তাকিয়ে দেখো সেই স্মৃতি, হাতড়ে বেড়ায় কেমন করে?
হারিয়ে যাওয়া ওই মায়ামুখ আমায় শুধু কাঁদিয়ে মরে।
নিউজটি শেয়ার করুন