কোনো কোনো সময় জীবন থেমে যায় মাঝপথে
নিঃশ্বাস ভারী হয়ে আসে
রঙিন আলো নিভে যায় আচম্বিতে
পুড়ে যায় স্বপ্ন
পুড়ে যায় মন
থেকে যায় শুধু বিষণ্ন বিলাপ।
তখন ক্ষুধা জাগে না
জাগে না প্রেম
রাত জাগানিয়া গল্পও আর ভালো লাগে না।
তানপুরা পড়ে থাকে অযত্নে,
ভুলে যায় ক্ষণে ক্ষণে তুমুল প্রেমের স্মৃতি
ঘূর্ণমান পৃথিবীতে তখন
দিন-রাতের পার্থক্য থাকে না।
ধবল দুপুরকে মনে হয় আঁধারে ঢাকা রাত
সূর্যস্নাত সকালকে মনে হয় চৈত্রের প্রখর দুপুর।
শুয়ে থেকে বিষণ্ন বেদনায়
কাটে একান্ত বিরহবেলা।