বাস্তবতা শিশুর জন্য
দায়িত্ব দিলে শিখেও শিশুরা
বাস্তবতার পাঠ এতে মিলে,
অভিজ্ঞতার খোলেও দুয়ার
বাড়ে বোধটুকু আকাশের নীলে।
বড় যদি হয় ফুল বাবু সেজে
ভয় পায় ওরা দায়িত্ব নিতে,
কারোর কষ্টে ঘামে না মন
পারে না তারা ভালোটুকু দিতে।
সমস্যা দেখে বড় হলে শিশু
সমস্যা এলে দৃঢ় থাকে তারা,
নিজে থেকে নেয় দায়িত্ব কাঁধে
নানা কাজে ওরা দেয় এসে সাড়া!
ঘাত-প্রতিঘাত দেখেও এখানে
বাস্তবটুকু হয়ে যায় জানা,
কষ্ট পেলেই কষ্টকে চেনে
কর্মেও মেলে ভাবনার ডানা!
দায়িত্ববোধ শেখাতে গেলে
লাগাতেই হবে তারে নানা কাজে,
শিক্ষার সাথে কর্মের যোগ
থাকলেই তবে সুরে বাঁশি বাজে।
নিউজটি শেয়ার করুন