বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিঃশব্দ চরাচর

নিঃশব্দ চরাচর

বিজ্ঞাপন
বারান্দার দরজা খুলতেই
আগে ভেসে আসত সুরের ধারা,
চড়ুই আর চেনা পাখিরা
গানে হতো মাতোয়ারা।
দু’চোখ মেলে কত যে আপন করে
অভিযোগ তুলে ডেকে যেত
না বলার কথা সুরে!

সারাটা বাগান আর বারান্দার চৌকাঠে
দুই ফুট বরফে ঢাকা ধবধবে সাদা কফিন,
শীতের চাদরে ঢাকা পড়েছে রঙিন দিন।
বারান্দার কোণে সাজানো আছে
থালাভরা সর্ষে, কলাই
আর মিঠে পানির ঘড়া
তবুও কেন জানি সাড়া মেলে না
কয়েক সপ্তাহের দিনগুলোয়।

লাল, নীলের মাখামাখির সেই
নাম না-জানা সেই পাখির চেনা কলরব-
কোথায় হারাল? কূজনের গুঞ্জন?
চারিদিকে আজ একি নীরব উৎসব!

হয়তো ওরা লুকিয়ে আছে
নিবিড় কোনো গৃহের কোণে,
ডানা গুটিয়ে স্বপ্ন দেখছে
নতুন কুঁড়ির মনে।
অপেক্ষা শুধু বরফ গলার,
আর একচিলতে রোদ্দুর-
ফিরে আসবে বুঝি একদিন
ঘুচে যাবে এই বিষাদ বহুদূর।

আবারও একদিন দরজায়,
বারান্দার রেলিংয়ে হবে
কিচিরমিচির মুখরিত মেলা,
শীত ফুরালেই শুরু হবে সেই চেনা পাখিদের খেলা।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz