বৃষ্টির ফোঁটায় ফোঁটায় উদ্ভিদের রহস্যময় জীবন,
সৃষ্টির পাতায় পাতায় মানুষের বৈচিত্র্যময় অধ্যায়
জলেস্থলে রঙের তুলিতে রঙিন সংমিশ্রণে অঙ্কিত।
প্রযুক্তির ওপর দাঁড়িয়ে এত স্থাপত্যশৈলী দিয়ে
বিন্যস্ত শহর দৃষ্টিনন্দিত, অথচ তার শরীরের ভিতর
লুকিয়ে রয়েছে হাড্ডিসার হিসাবহীন মানুষের
ভুল হিসাবের নিরবচ্ছিন্ন হাহাকার,
বিনিদ্র রাত্রিযাপনের কালো দাগ,
অশ্রুসিক্ত অগোচরিত নারীর কপোল।
যা কিছু চোখ দুটোকে হরণ করে সেখানেই ব্যস্ত দৃষ্টিপাত
যা কিছুর মধ্যে মানুষের কোনো আগ্রহ নেই
সেখানেই অবজ্ঞার আত্মপ্রকাশ কারণে অকারণে।
স্বার্থপর সময় নিজেকে নিয়েই চাঞ্চল্যে বিভোর
গ্রীষ্মের অগ্নিদাহে তৃষ্ণার্তের প্রতি কেউ উদ্বিগ্ন হলেও
অনেকে তা কৌশলগতভাবে এড়িয়ে যায়
সমুদ্রসৈকতে সূর্যস্নানের আনন্দ যাপনের নগ্নতায়।
আকাশে মেঘ উড়ে বলেই বৃষ্টিতে তার পরিণতি
ভূতলে ভুলুণ্ঠিত হয়ে নদীর জলে মিশে যায়
উৎসের উৎসবে নয় জলধির প্রয়োজনে
তলিয়ে গিয়ে পুনরায় উড়ে যেতে হয় নীল অম্বরে।
রহস্যময় বসুন্ধরায় আলো আর কালোর মিশ্রণে
মানবসভ্যতার ক্রমবর্ধমান বিকশিত প্রস্রবণ।