বসন্তের ভাঁটফুল
বসন্ত এলে ফোটে ভাঁটফুল
পথিকের মন কাড়ে,
করে সুরভিত চারপাশ তার
ইশারাতে কড়া নাড়ে।
পথের দু’পাশে হাসে সে সলাজ
দেখতেও লাগে বেশ,
ভ্রমণক্লান্ত পথিকের মনে
আঁকেও সুখের রেশ।
কেউ ডাকে ভাঁট কেউ বনজুঁই
অতিপরিচিত গাঁয়ে,
চেনে না এমন খুব কম আছে
দেখা মেলে ডানে বাঁয়ে।
পাহাড়ি ছড়া ও বনের চূড়ায়
পতিত জমির কাছে,
জন্মায় ওরা যত্ন ছাড়াই
সুন্দর বুঝি যাচে?
সাদার মধ্যে হালকা বেগুনি
দেখতেও লাগে ভালো,
আপনার রূপে ওরা যেন সেরা
সুন্দরে জ্বালে আলো!
এ পাতার রস বড় উপকারী
ঔষধি গুণে ভরা,
চুলকানি আর কমায় সুগার
আয়ুর্বেদে তা পড়া।
নিউজটি শেয়ার করুন