‘সাদা কবুতর’
(মহীয়সী মমতাজ হুসনেআরা শ্রদ্ধাষ্পদেষু)
প্রতিদিনকার চলার মাঝে
ব্যাকুল কুয়াশায় কেবল বিপর্যয়ের পূর্বাভাস!
দিনের পর রাত আসে
রাত্রির আঁধারে হারিয়ে যায় নিষ্কম্প আলো
যদিও
শেষরাতের স্নিগ্ধ বাতায়ন,-মুগ্ধতার কথা বলে।
হৃদয়ের পুষ্পালোকে অপার নীলিমায়
আমি দেখি নক্ষত্রের সমাহার
নিদ্রাচ্ছন্ন মোহনীয় নম্রতায় বেজে ওঠে
বিদায়ী কন্ঠস্বর
নক্ষত্রের প্রহরায় সপ্তাকাশের সুরশ্রিত ঝংকারে
সৌভাগ্যের নিমীলন শোভাযাত্রা...
জায়নামাজে নেমে আসে অজস্র তারকা
ফিরে যাওয়ার নিটোল আয়োজনে সাড়া দিয়ে
ঠিক আমার মায়ের মতো
তিনিও চলে যান অনন্ত অভিসারে...
অথচ
কতজনের কত স্বপ্ন অশ্রুসিক্ত জীর্ণতায়
ঝরে যায় স্মৃতির অতলে
সত্যিই
বহুদিনের চেনাজানা পৃথিবীর
সবকিছুই হয়ে যায় অচেনা
সাত সমুদ্র তেরো নদীর ওপারে ভাসে আর্তনাদ
কিছু মানুষের, কিছু হাহাকার
অঝোরে কাঁদে,Ñবিপুল আকুলতায়
শুক্রবারের বিনীত শুভ্রতায়
সাদা চাদরের আলোকিত সরোবরে ঝংকৃত ধরণী
হাওয়ায় হাওয়ায় সঙ্গীতময় সন্ধ্যার নিবিষ্ট মগ্নতায়
তিনি যখন শায়িত হ’লেন
ঠিক তখনই
একজোড়া সাদা কবুতর
উড়ে যায় শূণ্যতার আকাশে
ইথার যোগে ছড়িয়ে থাকা শোকার্ত ছায়াপথে
জীবনস্মৃতির সমূহ কান্নাগুলো
হাবুডুবু খেয়ে মিলিয়ে যায়
বিষাদের নীল দরিয়ায়...
নিউজটি শেয়ার করুন