নিয়ন বাতির এই শহরটা এখন আর তোমার নেই
জমানো স্মৃতিগুলো ধোঁয়াশা হয়ে গেছে ধীরে ধীরে,
লিলি পাম্পে অপেক্ষায় থাকা ছেলেটাও নির্বিকার-
এখন আর হাসে না যখন তখন কারণে অকারণে।
চৌরাস্তা কিংবা বাংলাবাজার বড্ড অচেনা লাগে
নিখিলেষের চায়ের কাপের সাথে সংযোগ বিচ্ছিন্ন,
গল্পের অতৃপ্তির দেয়ালে ঝুলছে সর্বনাশের তালা
কেন যেন রাস্তার লাইটগুলো নিবুনিবু করে কাঁদছে।
শেষ টিকিটের যাত্রী হয়ে গেছে শহরের অনুভূতি
শহর ছাড়ার মুহূর্তে তোমার সঙ্গী হয়েছিল সেদিন;
ছেলেটি অন্ধকারে হাতড়ে বেড়ায় জমে থাকা কষ্ট
সুখ রাজ্যের রাজা হতে চেয়েছিল ঝেড়ে ফেলে নষ্ট।