এই প্রবাসে কোনটা নেই?
এই প্রবাসে সবই আছে!
বলতে পারো কোনটা নেই??
গভীর রাতে টিনের চালে মুষলধারে বৃষ্টি নেই
শিশিরমাখা ভোরের আলোয় সবুজ শ্যামল সৃষ্টি নেই!
লাউয়ের মাচায় পুচ্ছ দোলা দোয়েল পাখির শিসটি নেই
রৌপ্য ইলিশ পদ্মা নদীর খাঁটি স্বাদের ‘ফিশ’টি নেই!
তালের শাখে বুনতে বাসা ব্যস্ত বাবুইর দোল তো নেই
ছবির মতো বয়ে চলা শান্ত নদীর কূল তো নেই!
ফাগুন দিনে হৃদয়কাড়া কোকিল পাখির সুর তো নেই
দুপুরবেলা উদাস করা শ্রুতির শিথিল ঘোর তো নেই!
জ্যৈষ্ঠ মাসের ফলফলারি, কাঁঠাল পাকার গন্ধ নেই
শীতল গরম রূপের খেলায় ছয়টি ঋতুর ছন্দ নেই!
খুব সকালে ঘুম ভাঙানো আদরমাখা ডাক তো নেই
‘লেইস ফিতা’ কি ‘হাওয়াই মিঠাই’র ফেরিওয়ালার হাঁক তো নেই!
বুকভরা প্রেম-ভালোবাসার বন্ধু, কুটুম ইষ্টি নেই
ভাই বোন কি মায়ের কোমল স্নেহমাখা দৃষ্টি নেই!
পড়শি জনের ভালোবাসা, শোভন সমাজ কৃষ্টি নেই
এই প্রবাসে সবই আছে, শুধু আমার ‘নিজ’টি নেই!!
নিউজটি শেয়ার করুন