অনেক ঘুরেছি এই পৃথিবীর ঊষর উদ্যানে,
দেখেছি বিচিত্র সব দানবের বিশাল বিহার;
নানা স্বরে কথা বলে, রুদ্ধ করে মরমের দ্বার,
ঈশ্বরে আঘাত হেনে মজে থাকে ইশিতার গানে।
বৈচিত্র্যের বেনিয়া তার বিচিত্র আঙ্গিকে করে পূজা,
অথচ দেবতা কাঁদে বেনেদের অসির আঘাতে;
লজ্জায় বলে না কিছু, কথা কয় তারাদের সাথে,
দারুণ আঘাত সয়ে বিধাতা পারে না হতে সোজা।
ঈশ্বরের হাসি-কান্না মানুষের সাথে হলে যোগ,
সমস্ত বিভেদ ভুলে মহাবিশ্ব হাসে অবিরাম;
জরা-ব্যথা মুছে যায়, সঙ্গে নিয়ে জগতের ঘাম,
জীবনের শুদ্ধ স্রোতে ভেসে যায় পুঞ্জীভূত রোগ।
সমস্ত জগৎজুড়ে চেতনায় যার অবস্থান,
তুমি-আমি এসো মিলে, তাঁর সাথে গড়ি ঐকতান।