অভাবের শিক্ষা
ক্ষুধা দারিদ্র্য দেখেনি যেজন
বাস্তবতাও শেখেনি সে কিছু,
অভাব মানুষে জ্ঞান দেয় ডেকে
চিনতে শেখায় উঁচু আর নিচু।
অভাবে থাকলে স্বভাব নষ্ট
অনেকেই বলে প্রবাদের মত,
কখনো কখনো ফলেও সে কথা
সবার জন্য নয় ঠিক তত।
অভাব কষ্ট কাটিয়ে অনেকে
দাঁড়ায় কিন্তু মাথা উঁচু করে,
অনেকে আবার ভুলেও অতীত
মানুষের সাথে থাকে ভাব ধরে।
বড় হয়ে ভাই অনেকেই দেখি
মানুষের সাথে হয়ে ওঠে রূঢ়,
ভুলে যেতে চায় অতীতের কথা
আমি বলি তারা একেবারে মূঢ়।
যে ব্যথা পেয়েছি আমার জীবনে
অন্যকে আমি যাব কেন দিতে?
এমন ভাবনা যার কাছে আছে
তারা লেগে থাকে অপরের হিতে।
ওরাই বরং কিছুটা শিখেছে
মানুষ হয়েছে মানুষের মত,
প্রকৃত তারা হয়েছে মহান
মানুষ হিসেবে ওরা উন্নত।
নিউজটি শেয়ার করুন