বৃষ্টির আহ্বান
আয় বৃষ্টি কাজল মেঘে আকাশ ছেড়ে আয়,
সবুজ পাতায় ঝরঝরিয়ে আমার ছোট্ট গাঁয়।
আয় রে তোরা তৃষ্ণাকাতর শুকনো মাটির বুকে,
গুরুগুরু মেঘের ডাকে কাব্য পড়ার সুখে।
ছুটে ছুটে আয় রে তোরা, ডাকছে আমার মন,
অঝোর ধারায় আয় বৃষ্টি, করতে সতেজ বন।
ক্লান্তি ধুয়ে আয় রে তোরা শুকনো নদীর বুকে,
হাসুক আবার মরা নদী, তৃষ্ণা মেটার সুখে।
আয় বৃষ্টি সজল মেঘে বাজিয়ে নূপুর পায়,
কাদামাটি খেলবে সবাই আমার মায়ার গাঁয়।
মেঘের মাদল বাজিয়ে তোরা ছন্দ-তালে আয়,
সবুজ ধানে লাগুক দোলা, শীতল কোমল গায়।
মাটির সোঁদা সুবাস নিতে আয় রে মাটির টানে,
আকাশ-গাঙে লাগবে জোয়ার বৃষ্টি-ঝরা গানে।
ঢোল বাজিয়ে আয় রে তোরা বিজলি-মেঘে হেসে,
কাগজের নাও, কলার ভেলা দিতে জলে ভেসে।
আয় বৃষ্টি কদম ফুলে মেঘের চাদর ছায়ে,
বুকের ভেতর বৃষ্টি-নূপুর বাজুক পায়ে পায়ে।
মেঘবরণী মেঘরানি তুই, আন রে খুশির বান,
প্রকৃতি আজ গাইবে সুখে তোর সৃষ্টির গান।
নিউজটি শেয়ার করুন