বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ • সুর নরম ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তৈরি • বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয়

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ

বিশ্বজুড়ে ৩৫০ জন ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য : জাতিসংঘ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত ত্রাণকর্মীর সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে গাজা ও সুদানে। ১৯ আগস্ট (বুধবার) জাতিসংঘ ত্রাণকর্মীদের ওপর হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে। টানা তৃতীয় বছরের মতো ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে বিপদজনক স্থান গাজায় ১৮৬ জন এবং সুদানে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন মানবসেবী নিহত হয়েছেন। তবে ২০২৫ সালের এই মৃতের সংখ্যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। সে বছর বিশ্বজুড়ে ৩৭৭ জন ত্রাণকর্মী নিহত হয়েছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

বিশ্ব মানবিক দিবস উপলক্ষে গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান 'হিউম্যানিটেরিয়ান আউটকামস'-এর তথ্য উদ্ধৃত করে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) এই পরিসংখ্যান প্রকাশ করেছে। 

মানবিক বিষয়ের আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার এ সম্পর্কিত বিবৃতিতে বলেন, ‘মাত্র তিন বছরে এক হাজার জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন এবং এটি অগ্রহণযোগ্য।’ তিনি আরও বলেন, ‘কিন্তু শুধু প্রতিবাদ করলেই পরবর্তী ত্রাণকর্মীর সুরক্ষা নিশ্চিত হবে না। রাষ্ট্রগুলোকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিক ও আমাদের সহকর্মীদের রক্ষা করতে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আর যারা নিয়ম ভাঙবে, তাদের জন্য অবশ্যই কঠোর পরিণতি বা শাস্তি থাকা প্রয়োজন।’ 

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আরও ৮২ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন, ৯৭ জন আহত হয়েছেন এবং ৩৯ জন অপহৃত হয়েছেন।  সশস্ত্র ড্রোন বা মানববিহীন বিমানের প্রসার নিয়ে ওসিএইচএ বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এগুলো আরও বেশি মানুষের হাতে মারাত্মক শক্তি তুলে দিচ্ছে এবং শহর ও নগরগুলোতে আরও বেশি বিস্ফোরক ফেলছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম চার মাসে সুদানে বেসামরিক মৃত্যুর ৮০ শতাংশই ঘটেছে সশস্ত্র ড্রোনের কারণে, যেগুলো বিভিন্ন বাজার ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে আঘাত হেনেছে। একই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার কারণে হওয়া হতাহতের কথা উল্লেখ করা হয়েছে।  এ প্রসঙ্গে টম ফ্লেচার মন্তব্য করেন, ‘অস্ত্রসজ্জিত ড্রোন একটি পুরোনো বিপদেরই নতুন রূপ হয়ে দাঁড়িয়েছে, যা বেসামরিক মানুষের জীবনকে ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz