বেনজীর ইস্যুতে আইন প্রয়োগে গাফিলতি নেই দুদকের : মহাপরিচালক শিবলী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০২ অগাস্ট ২০২৬, ১৭:৩৩
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বলেছেন, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে আইন প্রয়োগে দুদকের কোনো গাফিলতি নেই। ২ আগস্ট (রবিবার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন শিবলী এ কথা বলেন।
জানা গেছে, দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) তিনি কারামুক্ত হন । যদিও বাংলাদেশের পুলিশ সদর দপ্তর বলছে, এ বিষয়ে তাদের কাছে তথ্য নেই।
দুদকের এ মহাপরিচালক বলেন, আমিও গণমাধ্যম থেকে জেনেছি। জয়নুল আবেদীন শিবলী আরও বলেন, দুদকের এ বিষয়ে যা যা করার করেছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবতীয় তথ্য পাঠিয়েছি।
যোগাযোগের দায়িত্ব উক্ত মন্ত্রণালয়ের। দুবাই পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে দুবাই পুলিশ।
এর আগে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়।