বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী

প্রটোকল ছোট করছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
শপথ নেওয়ার পর রাজধানীতে পুলিশি এসকর্টে চলাচল করা ১৮ মন্ত্রীকে এবার সেই সুবিধা ছাড়াই চলতে হবে। জ্বালানি সাশ্রয়, পুলিশের জনবল ও যানবাহনের সংকট এবং সরকারি প্রটোকল ছোট করার নীতির অংশ হিসেবে তাদের সামনে থাকা পুলিশের এসকর্ট গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন রাজধানীতে শুধু ছয়জন মন্ত্রী ও একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিএমপি এই সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে রাজধানীর বাইরে সফরের সময় প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য পুলিশি নিরাপত্তা ও এসকর্টের ব্যবস্থা থাকবে।

রাজধানীতে যাদের এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে, তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তবে কোন নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে এই সাতজনকে এসকর্ট সুবিধার আওতায় রাখা হয়েছে, সে বিষয়ে সরকার বা পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় তাদের জন্য এই ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

ডিএমপির প্রটেকশন বিভাগ সূত্র জানায়, প্রতিটি এসকর্ট গাড়িতে পুলিশের পাঁচ সদস্যের একটি দল দায়িত্ব পালন করে। মন্ত্রীর চলাচলের সময়সূচি অনুযায়ী এই দল তার গাড়িবহরের সঙ্গে থাকে।

১৮ জন মন্ত্রীর এসকর্ট প্রত্যাহারের ফলে প্রায় ৯০ পুলিশ সদস্যকে অন্য দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে। আগে এ কাজে প্রায় ১২০ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। এখন থাকবেন ৩০ থেকে ৩৫ জন। একই সঙ্গে এসকর্টের গাড়ির সংখ্যা ২৫ থেকে কমে ৭টিতে নেমে এসেছে। অব্যাহতি পাওয়া গাড়ি ও জনবল রাজধানীতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একক কোনো কারণ নয়; কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জ্বালানি ব্যয় কমানো, পুলিশের সীমিত যানবাহনের কার্যকর ব্যবহার, অপ্রয়োজনীয় প্রটোকল কমানো এবং রাজধানীর যানজট কমানোর চেষ্টা।

এ ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বহরে আগে পুলিশের দুটি প্রটোকল গাড়ি থাকলেও এখন তিনি সেই সুবিধাও ব্যবহার করছেন না। তার নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) দায়িত্ব পালন করছে। পুলিশের পক্ষ থেকে শুধু মোটরসাইকেলে চার সদস্যের একটি পাইলট দল বহরের সামনে ও পেছনে দায়িত্ব পালন করছে।

ডিএমপির প্রটেকশন বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, মন্ত্রীদের এসকর্ট কমানোর ফলে জ্বালানি ব্যয় কমবে। একই সঙ্গে গাড়ি ও জনবলের ওপর চাপও কমবে। এসব গাড়ি ও পুলিশ সদস্যকে রাজধানীর নিয়মিত পুলিশি কার্যক্রমে ব্যবহার করা যাবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz