শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, কড়া প্রতিবাদ ঢাকার

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব, কড়া প্রতিবাদ ঢাকার

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। ঘটনার জেরে সোমবার ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করেন মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান। বৈঠকে ড. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’, ‘অগ্রহণযোগ্য’ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পরিপন্থী হিসেবে উল্লেখ করে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র অসন্তোষ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, বাংলাদেশ সরকার মনে করছে, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আনুষ্ঠানিক নোটিফিকেশন থাকা সত্ত্বেও একজন উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিকে বিমানবন্দরে আটকে দেওয়া কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

এর আগে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, “এটা একটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। দিন শেষে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারব।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও একই দিনে বলেন, “ঘটনার সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কর্মকর্তারা ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছেন।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান ড. জাহেদ উর রহমান। বৈঠকটি সোমবার থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে।

তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর বিষয়টি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। পরে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও অপমানজনক পরিস্থিতির কারণে ড. জাহেদ উর রহমান ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেন।

এরপর তিনি দিল্লি ত্যাগ করে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ড. জাহেদ উর রহমানের সফর ও আইওআরএ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবারই আনুষ্ঠানিক কূটনৈতিক নোটের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। ফলে বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার ঘটনায় বাংলাদেশ বিস্মিত ও ক্ষুব্ধ।

কূটনৈতিক মহলে ঘটনাটি দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতো উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিকে পূর্বানুমতি ও আনুষ্ঠানিক অবহিতকরণ থাকা সত্ত্বেও প্রবেশে বাধা দেওয়া দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরল ঘটনা।

ঘটনার ব্যাখ্যা ও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। বর্তমানে বিষয়টি দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনায় রয়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz