বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী

​বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব’: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশকে বিশ্বের একটি ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১৮ জুলাই (শনিবার) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসত। এখন এ দেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবে। আমাদের লক্ষ্য, এ দেশকে আন্তর্জাতিক “এডুকেশন হাব”-এ পরিণত করা।’

বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের প্রচুর জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও কৃষিভিত্তিক চাহিদার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। নওগাঁ কৃষিপ্রধান জেলা হওয়ায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে ‘ফুড টেকনোলজি’সহ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ-সংশ্লিষ্ট নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz