১৩ নভেম্বর কুইন্সের উন্নয়ন পরিকল্পনা জানাবেন রিচার্ডস
ঠিকানা রিপোর্ট
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৭:৫৮
•
অনলাইন সংস্করণ
নিউইয়র্কের কুইন্সকে বসবাস, কাজ ও বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে গত ছয় বছরের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরবেন বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র। আগামী ১৩ নভেম্বর
সকাল ১০টায় ফ্লাশিং মেডোজ করোনা পার্কের কুইন্স থিয়েটারে ২০২৬ সালের ‘স্টেট অব দ্য বরো’ ভাষণ দেবেন তিনি।
ভাষণে সাশ্রয়ী আবাসন, স্থানীয় অর্থনীতির সম্প্রসারণ, শিক্ষায় বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বাসিন্দাদের জীবনমান বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
ডনোভান রিচার্ডস বলেন, গত ছয় বছরে কুইন্সের উন্নয়নে তার প্রশাসন উল্লেখযোগ্য কাজ করেছে। প্রায় ২০ বিলিয়ন ডলারের নতুন কেনেডি বিমানবন্দর প্রকল্প, উইলেটস পয়েন্টের পুনর্গঠন এবং রকওয়ে উপদ্বীপের পুনরুজ্জীবনসহ বিভিন্ন উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। আগামী দিনেও কুইন্সের পরিবারগুলোর নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিনিয়োগ অব্যাহত থাকবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে দর্শক ও সংবাদমাধ্যমের জন্য অনুষ্ঠানস্থল খুলে দেওয়া হবে। চলচ্চিত্র প্রদর্শনী, প্রার্থনা, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। মূল ভাষণ শেষে কুইন্স মিউজিয়ামে সংবর্ধনার আয়োজন রয়েছে।
স্থানসংকটের কারণে সাধারণ দর্শকদের জন্য সরাসরি টিকিটের ব্যবস্থা নেই। তবে কুইন্স পাবলিক টেলিভিশনের ওয়েবসাইট এবং বরো প্রেসিডেন্টের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
সাংবাদিকদের অংশগ্রহণের জন্য ১২ নভেম্বরের মধ্যে আগাম নিবন্ধন করতে হবে।