শনিবার, ১০ অক্টোবর ২০২৬

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

টাইমস স্কয়ারে সাম্বা, গান আর স্লোগানে ব্রাজিল উৎসব

মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র ব্রাজিলের
টাইমস স্কয়ারে সাম্বা, গান আর স্লোগানে ব্রাজিল উৎসব

সংগৃহীত ছবি

বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের প্রথম ম্যাচ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরুর কয়েক ঘণ্টা আগেই সবুজ-হলুদ জার্সি, পতাকা আর ঢাক-ঢোল নিয়ে সেখানে জড়ো হন শত শত ব্রাজিলিয়ান সমর্থক। গান, নাচ আর স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্বের অন্যতম ব্যস্ত এই পর্যটন কেন্দ্র।

বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ব্রাজিল-মরক্কো ম্যাচ। তবে ম্যাচ শুরুর অনেক আগ থেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা টাইমস স্কয়ারে এসে জড়ো হতে থাকেন। তাদের অনেকের হাতে ছিল বিশাল ব্রাজিলিয়ান পতাকা, কারও মুখে আঁকা ছিল জাতীয় পতাকার রং। 

টাইমস স্কয়ারজুড়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলিয়ান সাম্বা সঙ্গীতের তালে তালে নাচতে থাকেন সমর্থকেরা। পর্যটকরাও এই উচ্ছ্বাসে যোগ দেন। অনেকেই স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

ব্রাজিলিয়ান-আমেরিকান কমিউনিটির সদস্যরা বলেন, বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি তাদের জাতীয় পরিচয় ও আবেগের অংশ। তাই দেশের বাইরে থাকলেও প্রিয় দলের খেলা ঘিরে তারা একত্রিত হয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেন, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ব্রুনো গিমারাইসদের নেতৃত্বে ব্রাজিল এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের পথে এগিয়ে যাবে।

মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচ উপভোগ করেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউজার্সি গভর্নর মিকি শেরিল এবং নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি।

টাইমস স্কয়ারে উপস্থিত সমর্থকদের মধ্যে ছিলেন নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটস থেকে আসা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দর্শকরাও। তাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই উৎসবে অংশ নেন। শিশুদের গায়েও দেখা যায় ব্রাজিলের জার্সি ও পতাকার রং। 
May be an image of football and text
বিশ্বকাপের আয়োজক দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্রে এবার ফুটবল উন্মাদনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে বসবাসকারী লাখো লাতিন আমেরিকান অভিবাসীর কারণে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ম্যাচকে ঘিরে তৈরি হচ্ছে বিশেষ আবহ।

ফুটবলের ঐতিহ্যবাহী শক্তি ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও ২০০২ সালের পর আর শিরোপা জিততে পারেনি। ফলে এবারের বিশ্বকাপ ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশার প্রতিফলনই দেখা গেল টাইমস স্কয়ারের জনসমুদ্রে, যেখানে হাজারো কণ্ঠে একটাই স্লোগান—‘ব্রাজিল, ব্রাজিল, ব্রাজিল’।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিউইয়র্কের হৃদয়স্থল টাইমস স্কয়ার যেন কয়েক ঘণ্টার জন্য রূপ নিয়েছিল ছোট্ট এক ‘রিও ডি জেনেইরোতে’।

মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র ব্রাজিলের
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিলকে প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। শক্তিশালী মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে হার এড়ালেও পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হয়নি সেলেসাওদের।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মরক্কো। আফ্রিকার দলটি উচ্চগতির প্রেসিং ও দ্রুত আক্রমণের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগকে চাপে রাখে। প্রথম ১০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মরক্কোই।

তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে ব্রাজিল। মাঝমাঠে দখল বাড়িয়ে আক্রমণের গতি বাড়ানোর চেষ্টা করে তারা। ম্যাচের ১৫ মিনিটের দিকে এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুবর্ণ সুযোগ তৈরি হয়। সতীর্থের নিখুঁত পাস পেয়ে মরক্কোর ডি-বক্সে একেবারে ফাঁকা জায়গায় বল পান ফরোয়ার্ড ইগর থিয়াগো। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে ব্রাজিল।

এরপর ২১তম মিনিটে মরক্কো সমর্থকদের উল্লাসে ভাসান ইসমাইল সাইবারি। মাঝমাঠ থেকে পাওয়া চমৎকার থ্রু পাস ধরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে সামনে পেয়ে ঠাণ্ডা মাথায় চিপ শটে বল জালে পাঠান তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। একাধিকবার মরক্কোর রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। এরই ফল আসে ৩২তম মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে দারুণ গতিতে বক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার গোলে সমতায় ফেরে সেলেসাওরা এবং ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ব্রাজিল বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও মরক্কোও পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল। রদ্রিগো, ভিনিসিয়ুস ও ব্রুনো গিমারাইসের প্রচেষ্টায় কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। অন্যদিকে সাইবারি ও হাকিম জিয়াশকে ঘিরে মরক্কোর আক্রমণগুলোও ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় ব্যর্থ হয়।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। ফলে দুই দলই একটি করে পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz