স্প্যানিশভাষীর জন্য ‘এল চিসমে অফিসিয়াল দে নিউইয়র্ক’ ডিজিটাল উদ্যোগ চালু
নাশরাত আর্শিয়ানা চৌধুরী
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:১৯
•
অনলাইন সংস্করণ
নিউইয়র্ক সিটির স্প্যানিশভাষী বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছেন মেয়র জোহরান কোয়ামে মামদানি। ৭ জুলাই তিনি ‘এল চিসমে অফিসিয়াল দে নিউইয়র্ক’ নামে একটি নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং স্প্যানিশ ভাষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উদ্বোধনের ঘোষণা দেন। এর মাধ্যমে স্প্যানিশভাষী নিউইয়র্কবাসী তাদের মাতৃভাষায় সরাসরি সিটি হল থেকে বিভিন্ন সরকারি তথ্য, সেবা, জরুরি বার্তা ও কমিউনিটি সংক্রান্ত আপডেট পাবেন।
সিটি হল জানিয়েছে, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য পেতে বিভিন্ন সরকারি সংস্থার ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে বেড়াতে হবে না। বরং সব গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায়, স্প্যানিশ ভাষায়, সরাসরি তাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীরা শহরের সর্বশেষ সংবাদ, বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে তথ্য, কমিউনিটি রিসোর্স, অভিবাসন-সংক্রান্ত নির্দেশনা, গণপরিবহন সতর্কতা, বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের খবর নিয়মিত পাবেন। এছাড়া কমিউনিটি ইভেন্টের এক্সক্লুসিভ ছবি ও ভিডিও, নিউইয়র্ক সিটির পাঁচটি বরোর নেপথ্যের নানা মুহূর্ত এবং মাঝে মাঝে মেয়র মামদানি ও অন্যান্য সিটি কর্মকর্তার ভয়েস মেসেজও শেয়ার করা হবে।
মেয়র জোহরান মামদানি বলেন, প্রত্যেক নিউইয়র্কবাসীর অধিকার রয়েছে তাদের শহর তাদের জন্য কী করছে, তা সেই ভাষায় জানার—যে ভাষায় তারা বাড়িতে কথা বলেন। স্প্যানিশভাষী কমিউনিটি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করে। তাই সিটি হলকেও সেখানে উপস্থিত থাকতে হবে। মানুষের প্রয়োজনীয় তথ্যের জন্য এক ডজন সরকারি সংস্থার পেছনে ছুটতে হবে না। আমরা সব তথ্য এক জায়গায়, স্প্যানিশ ভাষায়, সরাসরি তাদের ফোনে পৌঁছে দিচ্ছি। এটাই শ্রমজীবী মানুষের জন্য কাজ করা সরকারের প্রকৃত চিত্র।
সিটি প্রশাসনের মতে, এটি নিউইয়র্কবাসীর কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করার বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশেষ করে লাতিনো সম্প্রদায়ের মধ্যে হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলোর একটি। ফলে এই প্ল্যাটফর্মে সরকারি তথ্য সরাসরি পৌঁছে দিয়ে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।
একই সঙ্গে সিটি হল তাদের স্প্যানিশ ভাষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নতুনভাবে চালু করেছে। নতুন এই অ্যাকাউন্টে একটি অভিন্ন পরিচয় ও সমন্বিত উপস্থাপনার মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা, নীতিগত ঘোষণা, সহজ ভাষায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, জননিরাপত্তা বিষয়ক তথ্য এবং লাইভ সম্প্রচার এক প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ফলে বিভিন্ন সংস্থার একাধিক অ্যাকাউন্ট অনুসরণ করার পরিবর্তে নাগরিকরা একটি মাত্র অ্যাকাউন্ট থেকেই প্রয়োজনীয় সব তথ্য স্প্যানিশ ভাষায় জানতে পারবেন।
সিটি প্রশাসন আশা করছে, ‘এল চিসমে অফিসিয়াল দে নিউইয়র্ক’ উদ্যোগটি স্প্যানিশভাষী নিউইয়র্কবাসীর সঙ্গে সরকারের যোগাযোগ আরও শক্তিশালী করবে এবং সরকারি তথ্য ও সেবায় তাদের প্রবেশাধিকার সহজ ও কার্যকর করে তুলবে।