পাবনার ঈশ্বরদীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– উপজেলার পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং তছেরপাড়া এলাকার মহিদুল ইসলাম।
আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাবনার পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ জানান, বেশ কিছুদিন ধরেই ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং নদীপথের আলোচিত কাকন বাহিনীর সঙ্গে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।
তবে স্থানীয় সূত্র থেকে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন কয়েকজন দুর্বৃত্ত।