বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে যুবদলের ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউইয়র্কে যুবদলের ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন
আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৬ অক্টোবর সোমবার জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও বেলুন উত্তোলন করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে যুক্তরাষ্ট্র যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রতিনিধিরা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসসহ বিভিন্ন এলাকা এবং আশপাশের অঙ্গরাজ্য থেকেও অনেকে যোগ দেন। তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ. চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।
সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, সংগঠনটির প্রতিষ্ঠার পটভূমি এবং ৪৮ বছরের সাংগঠনিক ও রাজনৈতিক পথচলা তুলে ধরেন। তাঁরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
বক্তারা গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, যুবসমাজের ঐক্য, রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক শৃঙ্খলা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দারিদ্র্য বিমোচন ও মাদক নির্মূলে গৃহীত পদক্ষেপের প্রসঙ্গও উঠে আসে। বক্তারা জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ তুলে এসব মোকাবিলায় সাংগঠনিক ঐক্য ও সতর্কতার পাশাপাশি গণতান্ত্রিক ও আইনসম্মত পন্থায় সক্রিয় থাকার আহ্বান জানান।
তাঁরা বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও জাতীয় উন্নয়নের প্রশ্নে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ব রয়েছে। নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠান সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান আয়োজকেরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz