বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, একই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান মুফতি রুহুল আমিন।

ওই দিন জুমার খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

তবে তাকে গ্রেপ্তারের কারণ, তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz