শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসুর জীবনাবসান

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসুর জীবনাবসান

বিজ্ঞাপন
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাসায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সহধর্মী জ্যোতিপ্রকাশ দত্ত।
একুশে পদকপ্রাপ্ত এ কথাসাহিত্যিক বলেন, পারকিনসন্স রোগে আক্রান্ত পূরবী বসু দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
“একবার স্ট্রোকও হয়েছিল তার। এ ছাড়া অতীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতা ছিল।”
পূরবীর মৃত্যুর সময় তার পাশে ছিলেন জ্যোতিপ্রকাশ। স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ বিজ্ঞানী।

পূরবী বসুর জন্ম ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি।
সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পূরবী।

পেশাগত জীবনে বিজ্ঞানী হিসেবে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন তিনি। দীর্ঘ বিদেশবাসের পর দেশে ফিরে আসেন এক ওষুধ প্রস্তুতকারক কোম্পানির উচ্চপদে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পূরবী বসু। তার লেখায় নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি।

পূরবী বসুর বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান পূরবী।

১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পূরবী। সাহিত্য ও জীবনের দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের সহযাত্রী।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz